পূবাইলে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

গাজীপুর কণ্ঠ ডেস্ক : পূবাইলের মাজুখান এলাকায় টঙ্গী-ভৈরব রেল সড়কে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৩৫) এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৩ মার্চ) বিকেল সোয়া ৪টার দিকে নিহতের লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।

তাৎক্ষণিক নিহতের পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর আনুমানিক ১২টার দিকে পূবাইলের মাজুখান এলাকায় টঙ্গীগামী রেল লাইন দিয়ে হাঁটছিলো ওই যুবক। সে সময় পেছন থেকে আসা ঢাকাগামী উপকূল এক্সপ্রেস ট্রেনের নিচে কাঁটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নরসিংদী রেলওয়ে পুলিশ ক্যাম্পের সহকারী উপপরিদর্শক (এএসআই) ইকবাল হোসেন সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে বিকেল সোয়া ৪টার দিকে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের পড়নে ব্লু রঙের জিন্স প্যান্ট ও ফুলহাতা বাদামী রঙের চেকশার্ট রয়েছে। ওই যুবকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button