কাপাসিয়ায় ‘ফেসবুক পোস্টে মন্তব্যের জের ধরে’ তিনজনকে হত্যার অভিযোগ

গাজীপুর কণ্ঠ ডেস্ক : কাপাসিয়ার আড়াল এলাকায় ‘ফেসবুক পোস্টে মন্তব্যের জের ধরে’ তিনজনকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে।

শনিবার (১২ মার্চ) রাত ১১টার দিকে প্রতিপক্ষ তিনজনকে ছুরিকাঘাত করে।

নিহতদের মধ্যে দক্ষিণগাও চরপাড়া এলাকার মৃত মোহাম্মদ আলমের ছেলে ফারুক হোসেন (২৬) ও নাঈম হোসেন (১৮)। তারা সহোদর ভাই। অপরজন একই এলাকার হিরণ মিয়ার ছেলে রবিন (১৫)।

স্থানীয় সূত্রে জানা গেছে, কাপাসিয়ার চর আলীনগর গ্রামের এক যুবকের স্ত্রীর ফেসবুক পোস্টে মন্তব্য (কমেন্ট) করাকে কেন্দ্র এ ঘটনা ঘটেছে। কমেন্টের জের ধরে পার্শ্ববর্তী মনোহরদী উপজেলার দৌলতপুর এলাকার ইয়াসিনের সহযোগী একদল যুবকের সঙ্গে কাপাসিয়ার দক্ষিণগাও চরপাড়া গ্রামের নাঈমের মারামারি হয়। এক পর্যায়ে তারা একে অপরকে ছুরিকাঘাতে আহত করে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক নাঈম ও ফারুককে মৃত ঘোষণা করে। রবিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

কাপাসিয়া থানার উপপরিদর্শক (এসআই) আবদুর রউফ বলেন, ছুরিকাঘাতে আহত তিনজনকে প্রথমে নরসিংদীর মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে দুই ভাইকে মৃত ঘোষণা করা হয়। আর রবিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। দুই ভাইয়ের লাশ হাসপাতালে রয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

শাহবাগ থানার পরিদর্শক (অপারেশন) কামরুজ্জামান বলেন, রবিন নামে এক যুবক রোববার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। শনিবার রাতে তাকে হাসপাতালে আনা হয়েছিল। তার বাড়ী কাপাসিয়ায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button