যুবদলের বিক্ষোভ সমাবেশে গিয়ে পদ হারালেন কালীগঞ্জের যুবলীগ নেতা মনির হোসেন

গাজীপুর কণ্ঠ ডেস্ক : সম্প্রতি জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে অংশ নিতে দেখা যায় কালীগঞ্জ পৌর ৪নং ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি মনির হোসেনকে। আর ওই বিক্ষোভ সমাবেশের কয়েকটি চিত্র ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এতে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।
অবশেষে সমালোচনা মুখে সংগঠন বিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে যুবলীগ নেতা মনির হোসেনকে দলীয় পদ থেকে অব্যাহতি দিয়েছে কালীগঞ্জ পৌর যুবলীগ।
বুধবার (১৬ মার্চ) এ সংক্রান্ত একটি পত্র জারি করেছে পৌর যুবলীগ।
কালীগঞ্জ পৌর যুবলীগের সভাপতি বাদল হোসেন ভূঁইয়া ও সাধারণ সম্পাদক রেজাউল রহমান আশরাফী খোকন স্বাক্ষরিত পত্রে বলা হয়েছে, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কালীগঞ্জ পৌর ৪নং ওয়ার্ড শাখার সহ-সভাপতি মোঃ মনির হোসেন সংগঠনের দায়িত্ব পালনকালে সংগঠনবিরোধী বিভিন্ন কার্যকলাপের সাথে জড়িত থাকার কারণে ইতিপূর্বে তাকে মৌখিকভাবে বারবার সতর্ক করা হয়েছে। কিন্তু তিনি সংশোধিত না হয়ে সংগঠন বিভিন্ন কার্যকলাপের মাধ্যমে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। তাই সংগঠনের বৃহৎ স্বার্থে মনির হোসেনকে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কালীগঞ্জ পৌর ৪নং ওয়ার্ড শাখার সহ-সভাপতি পদে থেকে অব্যাহতি প্রধান এবং তাকে সহ-সভাপতি পদবী ব্যবহার করা থেকে বিরত থাকার নির্দেশ প্রদান করা হলো।
উল্লেখ্য: সারাদেশে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে গত ৮ মার্চ জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে অংশ নিতে দেখা যায় যুবলীগ নেতা মনির হোসেনকে। সম্প্রতি ওই বিক্ষোভ সমাবেশের কয়েকটি চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। তাতে মনির হোসেনকে অংশ নিতে দেখা যায়।



