কালীগঞ্জে কেজি দরে তরমুজ বিক্রি: ব্যবসায়ীকে জরিমানা

গাজীপুর কণ্ঠ ডেস্ক : কালীগঞ্জে কেজি দরে তরমুজ বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ৫ হাজার জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

রোববার (১৭ এপ্রিল) বিকেলে পৌর শহরের ব্যাংকের মোড় এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে এ জরিমানা করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গরমের সুস্বাদু ফল তরমুজ খেটে-খাওয়া মানুষের নাগালের বাইরে বিক্রি হচ্ছিল। তরমুজ ব্যবসায়ীরা তরমুজ কম দামে পিস হিসেবে কিনে সাধারণ মানুষের কাছে খুচরা কেজি দরে বিক্রি করছিল। ক্রেতাদের এমন তথ্যের ভিত্তিতে বিকেলে কালীগঞ্জ পৌর শহরের বিভিন্ন এলাকায় বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসসাদিকজামান। অভিযান চলাকালে পূবালী ব্যাংকের নিচে অবস্থিত পূবালী ফল বিতানে কেজি দরে তরমুজ বিক্রি করছিল। সে সময় তাৎক্ষণিক মোবাইল কোর্ট পরিচালনা করে দোকানের মালিকে ৫ হাজার জরিমানা করা হয়েছে। অভিযানে ইউএনও’র সঙ্গে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীনা আক্তার উপস্থিত ছিলেন।


কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসসাদিকজামান বলেন, কেজি দরে তরমুজ বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও অন্যান্য ব্যবসায়ীদের কেজি দর তরমুজ বিক্রি না করার জন্য সতর্ক করা হয়েছে। নিয়মিত বাজার মনিটরিং ও অভিযান অব্যাহত থাকবে।