চাঁদাবাজির অভিযোগে দুই পুলিশ কর্মকর্তা আটক

গাজীপুর কণ্ঠ ডেস্ক : খুলনা নগরীর নিরালা এলাকায় সনজিৎ শীল নামক এক ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও ভয়ভীতি দেখানোর অভিযোগে দুই পুলিশ কর্মকর্তাসহ এক নারীকে আটক করেছে পুলিশ। বর্তমানে তাদেরকে সদর থানায় রাখা হয়েছে। পাশাপাশি মামলার প্রস্তুতিও চলছে।

মঙ্গলবার রাত সাড়ে ১০টায় বিষয়টি নিশ্চিত করেছেন কেএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার (আরডিসি) শেখ মনিরুজ্জামান মিঠু।

তিনি জানান, ব্যবসায়ী সনজিতের কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি ও সাড়ে ২৭ হাজার টাকা আদায়সহ ভয়ভীতির প্রাথমিক সত্যতা মিলেছে। এসব অভিযোগের প্রেক্ষিতে টুটপাড়া পুলিশ ফাঁড়ির এএসআই সিফাতুল্লাহ এবং গল্লামারী পুলিশ বক্সের এএসআই মিরানকে আটক করা হয়েছে।

এ সময় তাদের সহযোগী হিসেবে ফাতেমা বেগম নাকে এক নারীকেও আটক করা হয়েছে।