গাজীপুর কণ্ঠ ডেস্ক : গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবুল কালামকে পানি সম্পদ মন্ত্রণালয়ে পদায়ন করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ নিয়োগ শাখা এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।
জানা গেছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের এপিডি অনুবিভাগের অভ্যন্তরীণ নিয়োগ শাখার উপসচিব আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে সিনিয়র সহকারী সচিব পদমর্যাদার কর্মকর্তা গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবুল কালামকে (১৬৫২৪) পানি সম্পদ মন্ত্রণালয়ে পদায়ন করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অনতিবিলম্বে কার্যকর করা হবে।
জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
উল্লেখ্য: বিসিএস ২৮ তম ব্যাচের কর্মকর্তা আবুল কালাম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে সিনিয়র সহকারী সচিব হিসেবে কর্মরত থাকা অবস্থায় ২০১৯ সালের ২৬ ডিসেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার সিনিয়র সহকারী সচিব এ.কে.এম আল আমীন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাঁকে গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়।
এরপর ২০২০ সালের ০১ জানুয়ারি (সোমবার) অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করেন আবুল কালাম। পরে ০৭ জানুয়ারি থেকে ২০ জুলাই পর্যন্ত অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে শিক্ষা ও আইসিটি শাখার দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ২০২০ সালের ২১ জুলাই থেকে ২০২১ সালের ১১ জুলাই পর্যন্ত তিনি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অতিরিক্ত হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর থেকে তিনি অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক শাখার দায়িত্ব পালন করছেন।
তিনি এর আগে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে ঢাকা জেলার ধামরাই উপজেলায়, সহকারী কমিশনার (ভূমি) হিসেবে মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলায় এবং সহকারী কমিশনার হিসেবে ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে দায়িত্ব পালন করেছেন। তাঁর নিজ জেলা টাঙ্গাইল।
আরো জানতে……
অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে গাজীপুরে যোগদান করেছে আবুল কালাম