গাজীপুর কণ্ঠ ডেস্ক : বিরোধী দলের সঙ্গে মিত্রতা ও সংগঠন বিরোধী বিভিন্ন কার্যকলাপে জড়িত থেকে দলের ভাবমূর্তি ক্ষুন্ন করার অভিযোগে কালীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আইন বিষয়ক সম্পাদক মাহমুদ মিয়াকে দলীয় পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ এপ্রিল) রাতে কালীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।
সাময়িক বহিষ্কৃত মাহমুদ মিয়া কালীগঞ্জ পৌরসভার দেওপাড়া এলাকার মতিউর রহমানের ছেলে। তিনি গাজীপুর আদালতে মুহুরী (আইনজীবীর কর্মচারী/সহকারী) হিসেবে কাজ করেন।
দলীয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৩১ জানুয়ারি কালীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। ওই কমিটিতে মাহমুদ মিয়াকে আইন বিষয়ক সম্পাদকের দায়িত্ব দেয়া হয়। এরপর থেকেই তাকে নিয়ে শুরু হয় আলোচনা-সমালোচনা। সম্প্রতি মাহমুদ মিয়ার বিভিন্ন নেতিবাচক তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশ পায়। ফেসবুকে প্রকাশিত তথ্য থেকে জানা যায়, তিনি কালীগঞ্জ ইউনিয়ন বিএনপি’র তৎকালীন কমিটির সদস্য ছিলেন। এছাড়াও তার বিরুদ্ধে বিভিন্ন মামলা রয়েছে। অপরদিকে তিনি গাজীপুর আদালতে মুহুরী (আইনজীবীর কর্মচারী/সহকারী) হিসেবে কাজ করলেও এলাকায় নিজেকে আইনজীবী হিসেবে পরিচয় দেয় বলেও জানা যায়।
এসব তথ্য প্রকাশের পর ফেসবুকে এবং এলাকায় দাবী উঠে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়ার।
এরপর বৃহস্পতিবার রাতে কালীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রফিকুল ইসলাম সিজু এবং সাধারণ সম্পাদক কাজী ফরহাদ স্বাক্ষরিত এক চিঠিতে মাহমুদ মিয়াকে দলীয় পদ থেকে সাময়িক বহিষ্কারের তথ্য জানানো হয়।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, কালীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আইন বিষয়ক সম্পাদক মাহমুদ মিয়া দলীয় পদে দায়িত্ব পালনকালে সংগঠন বিরোধী বিভিন্ন কার্যকলাপের সাথে জড়িত থাকায় ইতিপূর্বে তাকে মৌখিকভাবে বারবার সতর্ক করা হয়েছে। কিন্তু তিনি সংশোধিত না হয়ে উল্টো সংগঠন বিরোধী বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে দলের ভাবমূর্তি ক্ষুন্ন করেছে। এমনকি তিনি বিরোধী দলের সঙ্গে যুক্ত রয়েছে। এমতাবস্থায় সংগঠনের বৃহৎ স্বার্থে মাহমুদ মিয়াকে ২১ এপ্রিল (বৃহস্পতিবার) থেকে কালীগঞ্জ উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের দলীয় পদ থেকে সাময়িক অব্যাহতি প্রদান করা হয়। এছাড়াও মাহমুদ মিয়াকে স্বেচ্ছাসেবক লীগের আইন বিষয়ক সম্পাদক পদবী ব্যবহার করা থেকে বিরত থাকার নির্দেশ প্রদান করা হয়েছে।
চিঠিতে আরো উল্লেখ করা হয়েছে, আগামী পহেলা মে সকাল দশটার সময় মাহমুদ মিয়ার বিরুদ্ধে আনীত অভিযোগের জবাব দেয়ার জন্য ধার্য করা হয়েছে। ওইদিন মাহমুদ মিয়াকে কালীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতির অফিসে স্ব-শরীরে উপস্থিত হয়ে তার বিরুদ্ধে উঠা অভিযোগের পক্ষে যুক্তি উপস্থাপন করার জন্য বলা হয়েছে। তিনি যদি ব্যর্থ হয় তবে ওই মুহূর্ত থেকে মাহমুদ মিয়া স্থায়ীভাবে বহিষ্কার বলে গণ্য হবে।
সার্বিক বিষয়ে জানতে মাহমুদ মিয়ার ব্যক্তিগত মোবাইল নাম্বারে একাধিক বার কল করলেও তার ফোন বন্ধ পাওয়া যায়।