গাজীপুর কণ্ঠ ডেস্ক : নারায়ণগঞ্জের রূপগঞ্জে দেশের অন্যতম শিল্পগোষ্ঠী রংধনু গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলামকে হত্যার চেষ্টা করেছে রূপগঞ্জের শীর্ষ সন্ত্রাসী মোশারফ ও তার বাহিনীর সদস্যরা। হামলাকারীরা তাকে লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলি করে। এ সময় তাকে বাচাঁতে গিয়ে গুলিবিদ্ধসহ আহত হয়েছেন ৪ জন।
শুক্রবার (২৭ মে) বিকেলে রূপগঞ্জে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের নাওড়া গ্রামে এই হামলার ঘটনা ঘটে।
রংধনু গ্রুপের চেয়ারম্যান রফিকুল ইসলাম সংবাদ মাধ্যমকে জানান, বিকেল ৩ টার দিকে নাওড়া গ্রামে মুসা মিয়ার বাড়ীতে তার পিতা মরহুম মজলু মিয়ার কুলখানীর অনুষ্ঠানে যোগ দেন তিনি। এর কিছুক্ষণ পর সন্ত্রাসী মোশারফসহ তার বাহিনীর লোকেরা বাড়ি ঘিরে এলোপাথারি গুলিবর্ষণ, ইটপাটকেল ও টেটা নিক্ষেপ শুরু করে। এসময় তাকে চারদিক থেকে লোকজন ঘিরে প্রাণ রক্ষার চেষ্টা করে বলে জানান তিনি।

সন্ত্রাসীদের ছোড়া গুলিতে আহত হয় রংধনু গ্রুপের এমডির পিএস জিহাদ ও কাউসার নামে এক যুবক। এছাড়া তাদের ছোড়া ইট পাটকেলের আঘাতে আহত হয়েছেন রংধনু গ্রুপের পরিচালক সফিকুল ইসলাম ও আওলান হোসেন । পরে সংবাদ পেয়ে ঘটনাস্থলে র্যাব পুলিশ গিয়ে তাকে অবরুদ্ধ অবস্থা থেকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যায়।
এ ব্যাপারে মুসা মিয়া বলেন, আমার বাবার কুলখানী অনুষ্ঠানে রংধনু গ্রুপের চেয়ারম্যান দাওয়াত করলে তিনি আসেন। কিন্তু আসার কিছুক্ষণ মোশারফসহ তার লোকজন অস্ত্রসস্ত্র নিয়ে আমার বাড়ি ঘিরে গুলিবর্ষণ করে। ইটপাটকেল নিক্ষেপ করে। বাড়ি ঘরে ব্যাপক ভাংচুর করে। এসময় তাদের ছোঁড়া গুলিতে ২ জন গুলিবিদ্ধ হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) মো. আমীর খসরু সংবাদ মাধ্যমকে বলেন, হামলার খবর পেয়ে সাথে সাথে পুলিশ, র্যাব গিয়ে অবরুদ্ধ অবস্থায় রংধনু গ্রুপের চেয়ারম্যানকে উদ্ধার করে। বর্তমানে সেখানে অতিরিক্ত পুলিশ, র্যাব, জেলা গোয়েন্দা পুলিশ মোতায়েন রাখা আছে।