নিজস্ব সংবাদদাতা : গাজীপুর সদর উপজেলার হোতাপাড়ার মনিপুরে এলিগেন্ট গ্রুপের ‘ক্যাসিওপিয়া ফ্যাশন লিমিটেড’ কারখানায় শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র বিস্ফোরণে দুই জন নিহত হয়েছেন।
রোববার (২৪ জুলাই) বিকাল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতদের একজন প্রতিষ্ঠানটির টেকনিশিয়ান সাগর মিয়া (২৪)। তিনি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার কালিদাসপুর এলাকার মতিউর রহমানের ছেলে। অপরজন সোহেল (২৪)। তিনি ঢাকার একটি শীতাতপ নিয়ন্ত্রণ (এসি) যন্ত্র মেরামতকারী প্রতিষ্ঠানের কর্মী।
গাজীপুর শিল্প পুলিশের সহকারী সুপারিনটেনডেন্ট এস এম আজিজুল হক জানান, কারখানার জেনারেটরের কক্ষে পাঁচ টনের একটি এসি রয়েছে। বেশ কিছুদিন ধরে এসিটির কম্প্রেসার মেশিন বিকল ছিল। রোববার বিকালে ওই দুই ব্যক্তি এসির কম্প্রেসার মেশিনটি মেরামতের কাজ করছিলেন। মেরামত শেষে কম্প্রেসার চালু করার সঙ্গে সঙ্গে সেটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে দেহ ছিন্নভিন্ন হয়ে ঘটনাস্থলেই তারা মারা যান। এ ঘটনায় কেউ আহত হয়নি বলে তিনি জানান।