নিজস্ব প্রতিবেদক : কালীগঞ্জের জামালপুরে মেম্বারের বাড়িতে মোবাইল টাওয়ার থেকে অটোরিকশায় চার্জ দেয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফরহাদ মোড়ল (৩৫) নামে এক চালকের মৃত্যু হয়েছে। পাঁচ বছর আগে তার আরেক ভাইয়েরও মৃত্যু হয়েছিলো বিদ্যুৎস্পৃষ্ট হয়ে।
মঙ্গলবার মধ্যরাত ১টার দিকে পশ্চিম জামালপুর এলাকায় মোকাম্মেল মেম্বারের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফরহাদ মোড়ল ওই এলাকার মান্নান মোড়লের ছেলে। সে অটোরিকশা চালক।
স্থানীয় সূত্রে জানা গেছে, জামালপুর ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের সদস্য মোকাম্মেল হাসানের বাড়িতে মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান এয়ারটেল কোম্পানির একটি টাওয়ার রয়েছে। ওই টাওয়ারের বৈদ্যুতিক সংযোগ থেকে গোপনে অটোরিকশায় চার্জ দেয়া হয়। মঙ্গলবার দিবাগত মধ্যরাত ১টার দিকে ফরহাদ মোড়ল ওই টাওয়ারের বৈদ্যুতিক সংযোগ থেকে অটোরিকশায় চার্জ দেয়ার সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ফরহাদ মোড়লের আরেক ভাইও গত পাঁচ বছর আগে জনতা জূ্ট মিলে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গিয়েছিল।
সত্যতা নিশ্চিত করে ৬নং ওয়ার্ডের সদস্য মোকাম্মেল হাসান বলেন, মোবাইল টাওয়ারের সুপারভাইজার অটোরিকশায় চার্জ দেয়ার সুযোগ করে দিয়েছে। মঙ্গলবার মধ্যরাত ফরহাদ মোড়ল অটোরিকশায় চার্জ দেয়ায় সময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
কালীগঞ্জ থানায় কর্তব্যরত ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম বলেন, জামালপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফরহাদ মোড়ল নামে একজনের মৃত্যু হয়েছে বলে সংবাদ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।