কালিয়াকৈরে বাসের ধাক্কায় এক পুলিশ সদস্য নিহত

কালিয়াকৈরে বাসের ধাক্কায় এক পুলিশ সদস্য নিহত

গাজীপুর কণ্ঠ ডেস্ক : কালিয়াকৈরের সুত্রাপুর এলাকায় বাসের ধাক্কায় মনির হোসেন (২৫) নামে হাইওয়ে পুলিশের এক কনস্টেবল নিহত হয়েছেন।

শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মনির হোসেন ঢাকার ধামরাইয়ের কান্দাপাড়া এলাকার মো. শাজাহানের ছেলে। তিনি গোড়াই হাইওয়ে থানায় কর্মরত ছিলেন।

গোড়াই হাইওয়ে পুলিশের ওসি মোল্লা টুটুল হোসেন জানান, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে কালিয়াকৈরের সুত্রাপুর এলাকায় মনির হোসেন দায়িত্ব পালন করছিলেন। এ সময় পুলিশের গাড়িতে পেছন থেকে একটি বাস ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে কনস্টেবল মনির হোসেন গুরুতর আহত হন।

খবর পেয়ে আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে টাঙ্গাইলের মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নেয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ দুর্ঘটনায় আরও একজন পুলিশ সদস্য আহত হয়েছেন।