নিজস্ব সংবাদদাতা : কালীগঞ্জে দুই বছর বয়সী সন্তান রেখে দ্বিতীয় বারের মতো ভাগিনার সঙ্গে উধাও হয়েছে মামী। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
গত ৭ আগষ্ট (রোববার) স্বামীর বাড়ি জামালপুর ইউনিয়নের খাগড়াচর এলাকা থেকে পিত্রালয়ে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়ে স্বামীর কাছ থেকে বিদায় নিয়ে লাপাত্তা হয়েছে জান্নাতুল নাঈম (২০) ও তার প্রেমিক ভাগিনা মাহবুবুর রহমান এ্যানী (১৭)।
পালিয়ে যাওয়া জান্নাতুল নাঈম খাগড়াচর এলাকার দেলোয়ার হোসেন মোড়ল স্ত্রী। তিনি পার্শবর্তী কাপাসিয়া উপজেলার চাঁদপুর ইউনিয়নের হোনারা গ্রামের সেলিম আকন্দের মেয়ে।
প্রেমিক মাহবুবুর রহমান এ্যানী খাগড়াচর এলাকার আইয়ুব বাগমারের ছেলে। সে রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করে। এ্যানী জান্নাতুল নাঈমের স্বামী দেলোয়ার হোসেন মোড়লের চাচাতো বোনের ছেলে।
উভয় পরিবার ও স্থানীয়রা জানায়, গত পাঁচ বছর আগে দেলোয়ার হোসেন মোড়লের সঙ্গে পারিবারিক ভাবে বিয়ে হয় জান্নাতুল নাঈমের। তাদের দুই বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে। তাদের বাড়ির পাশেই মাহবুবুর রহমান এ্যানীর বাড়ি। এই সুযোগে মামার বাড়িতে নিয়মিত আসা-যাওয়া ছিল এ্যানীর। এক পর্যায়ে মামী জান্নাতুল নাঈমের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে এ্যানী। বিষয়টি গত এক বছর আগে উভয় পরিবারের মধ্যে জানাজানি হয়। এরপর উভয় পরিবার দু’জনকে সতর্ক করে দেয়। এরপরও গোপনে দু’জনের মধ্যে নিয়মিত যোগাযোগ হতো। আনুমানিক চার মাস আগে দু’জনের পালিয়ে গিয়ে সিংলাব এলাকায় এক আত্মীয়ের বাড়িতে উঠেছিল। এর একদিন পর উভয় পরিবারের হস্তক্ষেপে দু’জনকে ফিরিয়ে আনা হয়। এনিয়ে দুই পরিবারের মধ্যে একাধিকবার দরবার-সালিশ হয়। এরপর থেকে জান্নাতুল নাঈম স্বামীর বাড়িতে অবস্থান করছিল। এরমধ্যে গত ৭ আগষ্ট বাবার বাড়ি যাওয়ার বায়না ধরে জান্নাতুল নাঈম। ওইদিন সকাল ১০টার দিকে জান্নাতুল নাঈম তার সন্তানকে রেখে অটোরিকশায় করে বাবার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। সে সময় তাকে বিদায় জানায় তার স্বামী দেলোয়ার হোসেন। এরপর দুপুরে শাশুড়িকে ফোন করে দেলোয়ার হোসেন জানতে পারে জান্নাতুল নাঈম শশুরবাড়ি পৌঁছায়নি। এরপর খোঁজ খবর নিয়ে জানতে পারে জান্নাতুল নাঈম নোয়াপাড়া এলাকায় গিয়ে অটো রিকশা থেকে নেমে গাজীপুরের দিকে রওনা দিয়েছে।
অপরদিকে ওই দিন রাতে স্বাভাবিক ভাবেই কাজ শেষ করে মাহবুবুর রহমান এ্যানী তার বাড়িতে অবস্থান করে। পরদিন সকালে সে কাজে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে সেও নিখোঁজ হয়। পরে জান্নাতুল নাঈম তার মাকে ফোন করে জানায় তারা বিয়ে করে ফেলেছে। সে আর পুরোনো স্বামীর বাড়ি ফিরবে না।
সত্যতা নিশ্চিত করে জান্নাতুল নাঈমের স্বামী দেলোয়ার হোসেন মোড়ল বলেন, আমার স্ত্রী দ্বিতীয় বারের মতো আমার চাচাতো বোনের ছেলের সঙ্গে পালিয়ে গেছে। বিষয়টি তার পরিবারের সদস্যের জানানো হয়েছে।