বিমানের টিকিট কিনলেই সৌদির ভিসা ফ্রি

গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবে প্রথমবারের মতো চালু করা হয়েছে টিকিটের সঙ্গে চারদিনের ফ্রি ট্রানজিট ভিসা। গত সোমবার থেকে এ সেবা চালু করে দেশটির সরকার।

সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ভিসাটি বিনামূল্যে এবং ফ্লাইটের টিকিটের সঙ্গে তাৎক্ষণিকভাবে ইস্যু করা হবে। সৌদি আরবের জাতীয় বিমান সংস্থা সাউদিয়া এয়ারলাইন্সের সহযোগিতায় আকাশপথে ভ্রমণের জন্য টিকিটের সঙ্গে এ ফ্রি ট্রানজিট ভিসা সেবা চালু করে।

মন্ত্রণালয় আরও জানান, এ ভিসার মেয়াদ তিন মাস পর্যন্ত থাকবে এবং ট্রানজিট ভিসাধারীরা চারদিন সৌদিতে থাকতে পারবেন। সাউদিয়া এয়ারলাইন্স এবং ফ্লাইনাসের ইলেকট্রনিক প্ল্যাটফর্মের মাধ্যমে ট্রানজিট ভিসার জন্য আবেদন জমা দেওয়া যাবে। এটি স্বয়ংক্রিয়ভাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইউনিফাইড ন্যাশনাল ভিসা প্ল্যাটফর্মে অনুমোদিত হবে। পরে ডিজিটাল ভিসা প্রক্রিয়াকরণ এবং দ্রুত সময়ের মধ্যে ভিসা ইস্যু হয়ে ইমেইলের মাধ্যমে আবেদনকারীর কাছে পাঠানো হবে।

নতুন এ ট্রানজিট ভিসার সুবিধার ফলে মক্কায় পবিত্র ওমরাহ পালনের সুযোগও থাকছে। এ ছাড়া মদিনায় নবীর মসজিদ পরিদর্শন ও দেশটির অভ্যন্তরে ভ্রমণের পাশাপাশি যেকোনো পর্যটন ইভেন্টে যোগদান করতে পারবেন আগতরা।

সৌদি আরবের ভিশন-২০৩০ বাস্তবায়নে ভ্রমণকারীদের জন্য নতুন এ ভিসা সুবিধা দেওয়া হচ্ছে বলে জানা গেছে। যদিও এ ধরনের ট্রানজিট ভিসা সেবা মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোতে আরও আগে থেকেই চালু রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button