মেসিকে ফেরাতে তার নামে জাদুঘর গড়ার পরিকল্পনা বার্সার

গাজীপুর কণ্ঠ, খেলাধুলা ডেস্ক : গত বছরের শেষদিক থেকেই পিএসজির সঙ্গে চুক্তি নবায়ন নিয়ে লিওনেল মেসির আলোচনা চলছে। তবে বর্তমান চুক্তির মেয়াদের আর মাত্র মাস দুয়েক বাকি থাকলেও নবায়ন নিয়ে এখনও কোনো পাকা খবর আসেনি। ইতোমধ্যে আর্জেন্টাইন ফরোয়ার্ডের ভবিষ্যৎ গন্তব্য হিসেবেও বিভিন্ন ক্লাবের নাম শোনা যাচ্ছে, যার মধ্যে রয়েছে তার সাবেক ক্লাব বার্সেলোনাও।

গত মাসে শোনা গিয়েছিল, বার্সায় ফেরার বিষয়টিকে মেসি গুরুত্বের সঙ্গেই বিবেচনা করছেন। এমনকি মেসির এক সময়কার ক্লাব সতীর্থ এবং বর্তমান বার্সা কোচ জাভি হার্নান্দেজও নাকি ৩৫ বছর বয়সী আর্জেন্টাইনকে ফিরে পেতে উন্মুখ। মাঝে বার্সেলোনার সহ-সভাপতি রাফা ইউস্তেও ৭ বারের ব্যালন ডি অর জয়ী ফুটবলারকে ন্যু ক্যাম্পে ফেরানোর চেষ্টার ব্যাপারে মুখ খুলেছিলেন।

কিন্তু বার্সেলোনা আর মেসি চাইলেও আর্জেন্টাইন ফরোয়ার্ডের ন্যু ক্যাম্পে ফেরার পথে অনেক বাধা রয়েছে। আর্থিক প্রতিবন্ধকতা (লা লিগার ফেয়ার প্লে পলিসি) তার মধ্যে অন্যতম। তবে সেই বাধা উতরানোর পথও বের করতে ব্যস্ত বার্সা। প্রথমত, সামনের দলবদলে বেশ কয়েকজন খেলোয়াড়কে ছেড়ে দেবে কাতালান ক্লাবটি। শুধু তাই না, মেসির নামে জাদুঘর স্থাপনেরও পরিকল্পনা নিয়েছে লা লিগার পরাশক্তিরা।

স্প্যানিশ সংবাদমাধ্যম এএসের বরাত দিয়ে গোল ডট কমের জানিয়েছে, বার্সেলোনার ঘরের মাঠ ন্যু ক্যাম্পের ঠিক বিপরীতে অবস্থিত ক্লাবের একাডেমি লা ম্যাসিয়ার পুরোনো সদর দপ্তরকেই মেসির জন্য নিবেদিত একটি জাদুঘরে পরিণত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। মেসির নামে জাদুঘর স্থাপনের পরিকল্পনা বাস্তবায়নের জন্য টেলিকমিউনিকেশন প্রতিষ্ঠান টেলিফোনিকার সঙ্গে আলোচনা শুরু করেছে বার্সা।

মূলত মেসিকে বার্সেলোনায় ফেরানোর জন্য প্রয়োজনীয় অর্থ জোগাড়ের লক্ষ্যেই এ পরিকল্পনা নিয়েছে কাতালান ক্লাবটি। ৩৫ বছর বয়সী আর্জেন্টাইন ফরোয়ার্ডের নামে গড়া জাদুঘর গড়ে তোলা সম্ভব হলে বছরজুড়ে পর্যটক আকর্ষণ করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। এ জাদু্ঘর থেকে আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ না করা হলেও ধারণা করা হচ্ছে, এটি বার্সেলোনার ধারাবাহিক আয়ের একটি বড় উৎস হবে।

মাত্র ১৩ বছর বয়সে ক্লাবের অ্যাকাডেমি লা ম্যাসিয়ায় যোগ দিয়ে বার্সেলোনায় পা রেখেছিলেন লিওনেল মেসি। এরপর থেকে দিন যত এগিয়েছে, ততই কাতালান ক্লাবটির সমার্থক হয়ে উঠেছিলেন এ আর্জেন্টাইন ফরোয়ার্ড। লিওনেল মেসির গায়ে বার্সেলোনা ছাড়া অন্য ক্লাবের জার্সি দেখতে হবে- এক সময় এমনটা দূরতম কল্পনায়ও আনেননি ফুটবলপ্রেমীরা।

কিন্তু ফুটবল বিশ্বের চোখ কপালে তুলে দিয়ে বছর দেড়েক আগে বার্সেলোনা ছাড়তে হয় মেসিকে। লা লিগার আর্থিক কাঠামোগত প্রতিবন্ধকতায় বার্সেলোনা থেকে আর্জেন্টাইন ফরোয়ার্ডের অশ্রুসজল বিদায় আবেগে ভাসিয়েছিল কাতালান ক্লাবটির সমর্থক থেকে শুরু করে সবাইকেই। ন্যু ক্যাম্প ছাড়ার আগে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে দলের জার্সিতে ৭৭৮ ম্যাচ খেলে রেকর্ড সর্বোচ্চ ৬৭২ গোল করেন মেসি, সেই সঙ্গে ক্লাবের হয়ে জেতেন ৩৫টি শিরোপা।

২১ বছরের বন্ধন ছিন্ন করে বার্সেলোনা ছাড়ার পর ফ্রি ট্রান্সফারে দুই বছরের চুক্তিতে পিএসজিতে যোগ দেন লিওনেল মেসি। প্যারিসিয়ানদের সঙ্গে মেসির চুক্তির মেয়াদ শেষ হবে আগামী জুনে। গত ডিসেম্বর পর্যন্ত পিএসজির সঙ্গে মেসির চুক্তি নবায়নটিকে শুধু সময়ের ব্যাপার বলে মনে হচ্ছিল। কিন্তু আর্জেন্টিনার কাতার বিশ্বকাপ জয়ের পর থেকেই বিষয়টি আর আলোর মুখ দেখেনি। বেশ কয়েকবার একসঙ্গে বসেও কোনোবারই ঐক্যমতে পৌঁছাতে পারেনি দুই পক্ষ। তারই পরিপ্রেক্ষিতে পরের মৌসুমে মেসিকে পিএসজির জার্সিতে দেখা যাবে নাকি তিনি বার্সেলোনা বা অন্য কোনো গন্তব্যে পা রাখবেন, তা নিয়ে কানাঘুষা চলছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button