টেক্সাসে বন্দুক হামলা, হামলাকারীসহ নিহত ৯

টেক্সাসে বন্দুক হামলা, হামলাকারীসহ নিহত ৯

গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক : টেক্সাসের ডালাসের কাছে একটি শপিং মলে বন্দুক হামলায় অন্তত আট জন নিহত হয়েছেন৷ সন্দেহভাজন বন্দুকধারী পুলিশের গুলিতে মারা গেছেন বলে জানিয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী৷

শনিবারের এই হামলায় অনেকে আহত হয়েছেন৷ তাদের মধ্যে সাতজন এখনও হাসপাতালে৷ এরমধ্যে তিনজনের পরিস্থিতি গুরুতর৷

ডালাস থেকে ২৫ মাইল দূরে অ্যালেন শহরে একটি শপিংমলে স্থানীয় সময় দুপুর ৩:৪৫-এ গুলি চালানোর ঘটনা ঘটে৷

এর আগে অ্যালেন পুলিশ বিভাগ নয়জনকে হাসপাতালে নেয়ার তথ্য দিয়েছিল৷ তার মধ্যে দুই জন মারা যান বলে পরে জানিয়েছে তারা৷

পুলিশের এক কর্মকর্তার গুলিতেসন্দেহভাজন বন্দুকধারী ঘটনাস্থলেই নিহত হন বলেও উল্লেখ করেছে তারা৷ তবে তার সম্পর্কে আর কোনো বিস্তারিত তথ্য দেয়নি পুলিশ৷ তাদের ধারণা হামলাকারী একাই ছিলেন৷

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলা নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে৷ ২০২৩ সালে এখন পর্যন্ত ১৯৫ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন৷ দেশটিতে জনসংখ্যা চেয়েও আগ্নেয়াস্ত্রের সংখ্যা বেশি৷