বান্দরবানে বোমা বিস্ফোরণে সেনাসদস্য নিহত

বান্দরবানে বোমা বিস্ফোরণে সেনাসদস্য নিহত

গাজীপুর কণ্ঠ ডেস্ক : বান্দরবানের রুমায় কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সশস্ত্র সন্ত্রাসীদের পুঁতে রাখা বোমা (আইইডি) বিস্ফোরণে সেনাবাহিনীর এক সদস্য নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১ জুন) রুমা উপজেলার ছিলোপি পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আইএসপিআর জানায়, কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) প্রশিক্ষণ ক্যাম্পের আশপাশে বসবাসরত স্থানীয় বাসিন্দারা সেনাবাহিনীর কাছে অভিযোগ করে নিরাপত্তা দাবি করেন। অভিযোগের পর তাদের নিরাপত্তার স্বার্থে রুমা সেনা জোনের একটি টহল দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার ওই ক্যাম্পের উদ্দেশে যাত্রা করে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সেনা কেএনএফ প্রশিক্ষণ ক্যাম্পের কাছাকাছি পৌঁছালে সশস্ত্র সন্ত্রাসী দলের সদস্যরা পালিয়ে যায়। আনুমানিক সকাল ৯টা ২০ মিনিটের দিকে সেনা টহল দলটি সন্ত্রাসীদের বিক্ষিপ্তভাবে পুঁতে রাখা আইইডি (ইম্প্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস) বিস্ফোরণের মুখে পড়ে। এতে গুরুতর আহত এক সেনাসদস্যকে আশঙ্কাজনক অবস্থায় হেলিকপ্টারে করে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়। পরবর্তীতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সৈনিক তুজাম (৩০) মৃত্যুবরণ করেন।

আইএসপিআর আরও জানায়, সেনাবাহিনীর বিশেষায়িত দল এ ধরনের আরও সম্ভাব্য আইইডি শনাক্ত ও নিষ্ক্রিয়করণ প্রক্রিয়া অব্যাহত রেখেছে।

এর আগে গত ১৬ মে রুমাতেই আইইডি বিস্ফোরণ ও অতর্কিত গুলিতে সেনাবাহিনীর দুজন সৈনিক নিহত ও দুই অফিসার আহত হন। মার্চে বান্দরবানের রোয়াংছড়িতে সেনাবাহিনীর টহল দলের ওপর কেএনএর অতর্কিত গুলিবর্ষণে সেনাবাহিনীর মাস্টার ওয়ারেন্ট অফিসার নাজিম উদ্দিন নিহত হন। আহত হন আরও দুই সেনাসদস্য।