বিশেষ প্রতিনিধি : কালীগঞ্জের ফল ব্যবসায়ী মোমেন শেখ (৫০) ফল কেনার জন্য আড়ৎতে যাওয়ার পথে গাজীপুরের হানকাটা ব্রিজ এলাকায় ছিনতাইকারীদের কবলে পড়েন। সে সময় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে মোমেন শেখের মৃত্যু হয়।
শুক্রবার (১৪ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে জয়দেবপুর-আজমতপুর সড়কের হানকাটা এলাকায় এ ঘটনা ঘটেছে।
নিহত মোমেন শেখ কালীগঞ্জের ছাতিয়ানি গ্রামের ওসমন আলী শেখের ছেলে। তিনি কালীগঞ্জে রবিভিন্ন এলাকায় রিকশাভ্যানে করে ফল বিক্রি করেন।

পুলিশ, প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনরা জানায়, মোমেন শেখ ফল কিনতে শুক্রবার ভোরে অটোরিকশায় করে গাজীপুর চান্দনা চৌরাস্তা এলাকার ফলের আড়ৎতে যাচ্ছিলেন। ভোর সাড়ে ৫টার দিকে হানকাটা ব্রিজ এলাকায় একটি পিকআপে থাকা ৪/৫ জন যুবক তাকে বহন করা অটোরিকশাটির পথরোধ করে। সে সময়ে ছিনতাইকারীরা তার কাছে থাকা টাকা লুট করার চেষ্টা করে। তখন মোমেন শেখ ছিনতাইকারীদের প্রতিরোধ করার চেষ্টা করেন। একপর্যায়ে ছিনতাইকারীরা তার বুকে ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় অটোচালক তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গাজীপুর মেট্রোপলিটনের সদর থানার উপপরিদর্শক (এস আই) এহতেশাম বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।