গাজীপুর কণ্ঠ ডেস্ক : পূবাইলের ছিকলিয়া এলাকায় বন্ধুদের সাথে সাঁতার কাটতে বিলে নেমে পানিতে ডুবে শুভ মিয়া (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৪ জুলাই) রাত ৯ টার দিকে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরী দল নিহতের লাশ উদ্ধার করেছে।
নিহত শুভ মিয়া পূবাইল থানাধীন সাতানিপাড়া এলাকার মোঃ খোকন মিয়ার ছেলে। সে স্থানীয় একটি গ্যারেজের কাজ করতো।

পূবাইল থানার উপপরিদর্শক (এসআই) রাশেদুর রহমান বলেন, বিকেলে ছিকলিয়া এলাকায় বিলের পানিতে শুভ মিয়াসহ তিন বন্ধু সাঁতার কাটতে যায়। এক পর্যায়ে বিলের পানিতে ডুবে নিখোঁজ হয় শুভ মিয়া। সে সময় তার দুই বন্ধু শুভর পরিবারের লোকজনকে খবর দেয় এবং খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান পায়নি। পরে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরী দলকে খবর দেয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরী দল ঘটনাস্থলে গিয়ে রাত ৯টার দিকে পানি থেকে শুভ মিয়ার লাশ উদ্ধার করে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।