একবার ঘটকালি করেও সালমানকে বিয়ে করাতে ব্যর্থ শাহরুখ?

একবার ঘটকালি করেও সালমানকে বিয়ে করাতে ব্যর্থ শাহরুখ?

গাজীপুর কণ্ঠ, বিনোদন ডেস্ক : একবার ঘটকালি করার ইচ্ছা মাথায় চেপে বসেছিল বলিউড তারকা শাহরুখ খানের। আর মনের সেই ইচ্ছা শাহরুখ পূরণ করতে চেয়েছিলেন ফিল্ম ইন্ডাস্ট্রিতে তার বন্ধু-সহকর্মী সালমান খানের বিয়ে দিয়ে।

ষাটের কাছকাছি বয়সে নাচ-গান ও অ্যাকশনের সিনেমা দিয়ে পর্দা কাঁপালেও এখনো সংসারী হননি সালমান খান। কিন্তু একের পর এক ‘প্রেম করেছেন’ তিনি। সালমান বিয়ে করছেন কবে, ভক্তদের সেই কৌতুহলের যেন কোনো শেষ নেই।

সালমানের বিয়ের খবর পেতে উন্মুখ সেইসব ভক্তদের টাইমস অব ইন্ডিয়া জানাল, ভাইজানকে বিয়ের পিঁড়িতে ব্সাতে একবার ঘটক রূপে আবির্ভূত হয়েছিলেন কিং খান।

টাইমস অব ইন্ডিয়া শাহরুখের ঘটকালির এই খবর পেয়েছে ভাইরাল হওয়া একটি ভিডিও থেকে।

সেখানে দেখা গেছে কয়েক বছর আগে সালমানের টিভি শো ‘দশ কা দম’র শোয়ে রানি মুখার্জির সঙ্গে হাজির হয়েছিলেন শাহরুখ।

https://youtu.be/z7bz_dRRxPc

ভিডিওতে সালমানকে রসিকতা করে বলতে শোনা গেছে, “আমি বিয়ে করলে তোমার (শহারুখ) কি সুবিধে হবে?”

জবাবে শাহরুখ বলেন, “আমি জানি, এ ধরনের প্রশ্ন আমার একেবারেই করা উচিত নয়। সবাই তোমাকে জিজ্ঞেস করে, এমনকি তোমার বিয়ে নিয়ে সংবাদমাধ্যমও খবর প্রকাশ করতে ছাড়ে না। আমি অবশ্য সেই প্রশ্ন না করে ঘটনাটি তোমার জীবনে ঘটিয়ে দিতে চাই।”

তখন রানি শাহরুখকে উদ্দেশ্য করে বলেন, “আমার মনে হয়, তোমার সালমানের বিয়ে নিয়ে প্রশ্ন করার অধিকার রয়েছে এবং পাত্রী খুঁজে দেওয়ারও। কারণ তুমি সালমানের সব থেকে পুরনো বন্ধু।”

তখনই সালমান বলেন, “হ্যাঁ, ও তো চায় কাজটা করতে। একবার আমাকে একজনের সামনে নিয়েও গিয়েছিল।”

এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর কেউ কেউ ভারতের সাবেক বিশ্বসুন্দরী অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনকে সালমানের প্রেমিকা হিসেবে দাঁড় করান। তারা ধরে নেন, শাহরুখ তার বন্ধুকে ঐশ্বরিয়ার কাছে নিয়ে গিয়েছিল।

ঐশ্বরিয়ার সঙ্গে প্রেম সালমানের জীবনের অন্যতম চর্চিত অধ্যায়ের একটি। তাদের প্রেমের থেকে বেশি প্রচারের আলোয় আসে দুই জুটির বিচ্ছেদ পর্ব।

গুঞ্জন রয়েছে, একবার শাহরুখ তার স্ত্রী গৌরীকে নিয়ে ঐশ্বরিয়ার বাড়িতে গিয়েছিলেন। কেউ কেউ আবার বলছেন, শাহরুখ-গৌরী বুঝি সালমান-ঐশ্বরিয়ার বিয়ের খবর পাড়তেই ঐশ্বরিয়ার বাবা-মায়ের কাছে গিয়েছিলেন।

আগামী মাসে ১২ নভেম্বরে দিপাবলীতে হিন্দি, তামিল ও তেলেগু ভাষায় পেক্ষাগৃহে মুক্তি পাবে সালমানের ‘টাইগার’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় সিনেমা ‘টাইগার থ্রি’। এ সিনেমায় ক্যামিও চরিত্রে দেখা যাবে শাহরুখকে।

‘টাইগার থ্রি’ মুক্তির দিন হলে দেখানো হবে শাহরুখের বছরের তৃতীয় সিনেমা ‘ডানকি’র টিজার।