গাজীপুর কণ্ঠ ডেস্ক : ময়মনসিংহের তারাকান্দায় যুবলীগ নেতার বাসা থেকে উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসভাপতি মফিদুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার মফিদুল ইসলাম উপজেলার রনকান্দা গ্রামের বাসিন্দা মৃত গুঞ্জর আলীর ছেলে।
মঙ্গলবার (৩১ অক্টোবর) রাত পৌনে ১২ টার দিকে উপজেলা যুবলীগের আহ্বায়ক আব্দুল মান্নানের বাসা থেকে উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতাকে গ্রেপ্তার করে পুলিশ।
উপজেলা যুবলীগের আহ্বায়ক আব্দুল মান্নান কাকনী ইউনিয়েনের তালদিঘী গ্রামের মৃত কছিম উদ্দিন মেম্বারের ছেলে।
নাম প্রকাশ না করার শর্তে পুলিশের এক কর্মকর্তা সংবাদ মাধ্যমকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে, উপজেলা যুবলীগের আহ্বায়ক আব্দুল মান্নানের বাসায় ময়মনসিংহ উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসভাপতি মফিদুল ইসলাম অবস্থান করছেন। এমন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে মফিদুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃত উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসভাপতি মফিদুল ইসলামের নামে গত ১ সেপ্টেম্বর পুলিশ বাদী হয়ে বিস্ফোরক আইনে তারাকান্দা থানায় মামলা দায়ের করে।
তারাকান্দা থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম সংবাদ মাধ্যমকে বলেন, গ্রেপ্তারকৃত মফিদুল ইসলাম থানা হাজতে আছে। বুধবার সকালে আদালতে পাঠানো হবে।