গাজীপুরে লরির ধাক্কায় পুলিশের টহলগাড়ি উল্টে কনস্টেবল নিহত

গাজীপুরে লরির ধাক্কায় পুলিশের টহলগাড়ি উল্টে কনস্টেবল নিহত

গাজীপুর কণ্ঠ ডেস্ক : গাজীপুরে লরির ধাক্কায় টহলগাড়ি উল্টে পুলিশের এক সদস্য নিহত ও উপ-পরিদর্শকসহ দুই জন আহত হয়েছেন।

শনিবার (২৫ নভেম্বর) ভোর পৌনে চারটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে রাজেন্দ্রপুর চৌরাস্তায় এই ঘটনা ঘটে।

নিহত পুলিশ সদস্য হলেন- গাজীপুর মেট্রোপলিটনের সদর থানার কনস্টেবল বিতান বড়ুয়া (৩৮)। তার বাড়ি কক্সবাজারের রামু থানা এলাকায়।

আহতরা হলেন- ওই থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মোছাব্বির ও কনস্টেবল মো. আক্কাস উদ্দিন।

জানা গেছে, রাতে টহল ডিউটিতে রাজেন্দ্রপুর এলাকায় ছিলেন এসআই মোছাব্বির, কনস্টেবল বিতান বড়ুয়া ও মো. আক্কাস উদ্দিন। দুর্ঘটনার পর দ্রুত তিন পুলিশ সদস্যকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কনস্টেবল বিতান বড়ুয়াকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

গাজীপুর মেট্রোপলিটনের সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউল ইসলাম জানান, শনিবার ভোররাত পৌনে ৪টার দিকে সালনা থেকে ময়মনসিংহগামী মহাসড়কে টহল দিয়ে রাজন্দ্রেপুর চৌরাস্তা এলাকায় পুলিশের ভ্যানটি ইউটার্ন নেয়ার সময় সেটিকে ধাক্কা দিয়ে দ্রুত চলে যায় একটি লরি। এতে এসআই মোছাব্বির, কনস্টেবল বিতান বড়ুয়া ও কনস্টেবল মো. আক্কাস উদ্দিন আহত হন। তাদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে বিতান বড়ুয়াকে মৃত ঘোষণা করেন। এবিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।