গাজীপুর কণ্ঠ ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের মনোনয়ন ঘোষণার আগমুহূর্তে জামালপুরে নানা গুজব ছড়িয়ে পড়েছে। মনোনয়নপ্রত্যাশীদের সমর্থকরা মনোনয়নপ্রাপ্তির ভুয়া খবর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করছেন।
শনিবার (২৫ নভেম্বর) বিকাল থেকে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার স্বাক্ষর জাল করে ভুয়া সিল ও দলীয় প্যাডে মনোনয়ন তালিকার একটি চিঠি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে, যা বিভিন্ন ফেসবুক আইডি থেকে আপলোড দেওয়া হয়েছে।
ওই চিঠিতে ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন চূড়ান্ত তালিকা’ লিখে জেলার ৫টি সংসদীয় আসনে পাঁচজনের নাম প্রকাশ করা হয়েছে। চিঠিতে স্মারক বা সূত্র উল্লেখ না থাকলেও তারিখ লেখা হয়েছে ২৫-১১-২৩।
জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে মনোনয়নপ্রাপ্তির যে তালিকা প্রকাশ পেয়েছে, সেই তালিকার বিষয়ে তার কোনো ধারণা নেই। ২৬ নভেম্বর দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ঘোষণা দেওয়া হবে।