গাজীপুর কণ্ঠ ডেস্ক : নারায়ণগঞ্জের রূপগঞ্জে দুই প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ৷ এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল ১০টার দিকে ঢাকা-পূর্বাচল (তিনশ’ ফুট) সড়কের রূপগঞ্জ উপজেলার ভূঁইয়াবাড়ির ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
দুর্ঘটনার বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আবির হোসেন৷
নিহতদের মধ্যে একজন হলেন রাজধানীর সেগুনবাগিচা এলাকার ব্যবসায়ী নুরুল ইসলাম। তবে নিহত অপর দুজনের নাম-পরিচয় এখনও পাওয়া যায়নি।
দুর্ঘটনায় আহতরা হলেন- নিহত নুরুল ইসলামের ছেলে পাপ্পু, দুই প্রাইভেট কারের চালক শুক্কুর আলী ও মিলন এবং যাত্রী সজিবসহ পাঁচজন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, তিনশ’ ফুট সড়কে একটি প্রাইভেটকার উপজেলার কাঞ্চন থেকে ঢাকার দিকে যাচ্ছিল। সড়কে চলমান অবস্থায় চাকা ফেটে গেলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজক পেরিয়ে পাশের লেনে গিয়ে পড়ে।
“এ সময় ঢাকা থেকে আসা অপর একটি প্রাইভেট কারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি গাড়িই দুমড়ে-মুচড়ে যায়৷ আহত হন দুই গাড়ির সাত যাত্রী।”
পরে স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা আহতদের উদ্ধার করে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আবির হোসেন বলেন, হাসপাতালে তিনজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক৷ আহত আরও পাঁচনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক৷
কুর্মিটোলা জেনারেল হাসপাতালের এডি লেফটেন্যান্ট কর্নেল সাব্বির আহমেদ জানান, হাসপাতালে আনা আটজনের মধ্যে তিনজন হাসপাতালে পৌঁছানোর আগেই মারা গেছেন। আহতদের মধ্যে দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ও তিনজনকে কুর্মিটোলা জেনালের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।