গোপীবাগে ‘বেনাপোল এক্সপ্রেসে’ ট্রেনে আগুন, নিহত ১

গোপীবাগে ‘বেনাপোল এক্সপ্রেসে’ ট্রেনে আগুন, নিহত ১

গাজীপুর কণ্ঠ ডেস্ক : রাজধানীর গোপীবাগে ‘বেনাপোল এক্সপ্রেস’ ট্রেনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে ট্রেনটির অন্তত ৫টি বগি সম্পূর্ণ পুড়ে গেছে। এসময় আগুনে দদ্ধ একজন যাত্রীর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

শুক্রবার (৫ জানুয়ারি) রাত ৯টার দিকে ট্রেনটিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে সংস্থাটির সাতটি ইউনিট কাজ করছে।

কমলাপুর রেলওয়ে স্টেশনের ম্যানেজার মাসুদ সারোয়ার সংবাদ মাধ্যমকে বলেন, গোপীবাগে বেনাপোল এক্সপ্রেসের ৫টি বগিতে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। এতে পাঁচটি বগি সম্পূর্ণ পুড়ে গেছে। বগির ভেতরে মানুষজন আছেন, তাদেরকে এখনও উদ্ধার করা যায়নি। ফায়ার সার্ভিস এবং রেলওয়ের নিরাপত্তা বাহিনী আগুন নেভানোর কাজ করছে। এছাড়া ঘটনাস্থলে আইনশৃঙ্খলারক্ষা বাহিনীও অবস্থান করছে। হতাহত সম্পর্কে এখনই বলা যাচ্ছে না।

ট্রেনে আগুন দেওয়ার ঘটনায় একজন নিহত হয়েছেন বলে প্রাথমিকভাবে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তা তালহা বিন জসীম।

ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম সংবাদ মাধ্যমকে জানান, ট্রেনটির কয়েকটি বগিতে আগুন দেয় দুর্বৃত্তরা। আগুনের খবর পেয়ে ৯টা ২৫ মিনিটে খিলগাঁও, পোস্তগোলা ও আশপাশের ফায়ার স্টেশন থেকে সাতটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ করছে।