যুক্তরাষ্ট্রে তীব্র শীত ও তুষার ঝড়ে ৬০ জনের মৃত্যু

যুক্তরাষ্ট্রে তীব্র শীত ও তুষার ঝড়ে ৬০ জনের মৃত্যু

গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক : আর্কটিক থেকে আসা ঠাণ্ডা বাতাসে কাঁপছে যুক্তরাষ্ট্র। তীব্র শীত ও তুষার ঝড়ে দেশটির বেশ কয়েকটি রাজ্যে গত এক সপ্তাহের মধ্যে মারা গেছেন অন্তত ৬০ জন। এর মধ্যে সবচেয়ে বেশি টেনেসি অঙ্গরাজ্যে মারা গেছেন কমপক্ষে ১৯ জন।

সংবাদমাধ্যম ওয়ার্ল্ড ইন ওয়ান নেটওয়ার্কে (ডব্লিউআইওএন) গতকাল রবিবার প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের অধিকাংশেরই মৃত্যু হয়েছে ঠাণ্ডা থেকে সৃষ্ট হাইপোথারমিয়া এবং রাস্তা বরফে পিচ্ছিল হয়ে যাওয়ার ফলে হওয়া সড়ক দুর্ঘটনার কারণে। নিউইয়র্কে এরই মধ্যে রাস্তায় গাড়ি চালানোর ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।

এ ছাড়া ঝড়ের আঘাতে বেশ কয়েকটি এলাকার ৯০ হাজারের বেশি মানুষ শুক্রবার পর্যন্ত বিদ্যুৎ-বিচ্ছিন্ন অবস্থায় ছিলেন।

মেম্ফিসের ৪ লাখ বাসিন্দার গ্যাস ও পানিসংকট দেখা দিয়েছে। পরিস্থিতি মোকাবিলায় কর্তৃপক্ষ সর্বোচ্চ চেষ্টা করার অঙ্গীকার করেছে এবং পাশাপাশি বাসিন্দাদের পানি ফুটিয়ে খাওয়ার আহ্বান জানানো হয়েছে।

তবে পরিস্থিতির সহসা উন্নতি হওয়ার কোনো সম্ভাবনা নেই। শনিবারও দেশটির ন্যাশনাল ওয়েদার সার্ভিস থেকে দেওয়া পূর্বাভাসে জানানো হয়েছে, চলতি সপ্তাহজুড়েও অধিকাংশ রাজ্যে ঠাণ্ডা ও ঝোড়ো বাতাস অব্যাহত থাকবে।