মহিলা আওয়ামী লীগের সভাপতি চুমকিকে উদ্দেশ্য করে মানহানীকর বক্তব্য: গ্রেপ্তার ২

মহিলা আওয়ামী লীগের সভাপতি চুমকিকে উদ্দেশ্য করে মানহানীকর বক্তব্য: গ্রেপ্তার ২

নিজস্ব সংবাদদাতা : বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি মেহের আফরোজ চুমকি এবং তাঁর মা প্রয়াত বিলকিস ময়েজ উদ্দিনকে উদ্দেশ্যে করে মানহানীকর বক্তব্য দেয়া দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার দু’জন হলো কালীগঞ্জের পিপুলিয়া এলাকার মৃত মেজবাহ উদ্দিন সরকারের ছেলে রতন সরকার এবং মানিক সরকার।

পুলিশ ও দলীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি)বেলা সাড়ে ৩টার দিকে নাগরী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পিপুলিয়া এলাকার আল আমিনকে ধাওয়া করে একই এলাকার নাজির সরকার (৬০), রতন সরকার (৪৮), অর্পণ সরকার (২৫), রাফসান সরকার (২২), মানিক সরকার (৪০) এবং পুলক সরকারসহ (৩০) অজ্ঞাত ৮ জন। সে সময় আল আমিন দৌড়ে তার বাড়ির ভেতরে প্রবেশ করে দরজা বন্ধ করে দেয়। পরে অভিযুক্তরা আল আমিনকে উদ্দেশ্য করে অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকে। একপর্যায়ে আল আমিন বাড়ির ভেতরে থেকে পুরো ঘটনা ফেসবুক লাইভে প্রচার করতে থাকে। আল আমিন সম্প্রতি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের পক্ষে ছিলেন। অভিযুক্তরা স্বতন্ত্রপ্রার্থীর ট্রাক প্রতীকের সমর্থক। সে সময় অভিযুক্তরা আল আমিনকে এবং বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি মেহের আফরোজ চুমকি এবং তাঁর মা প্রয়াত বিলকিস ময়েজ উদ্দিনকে উদ্দেশ্য করে বেফাঁস ও অশ্লীল ভাষায় গালিগালাজ ও মানহানীকর বক্তব্য দেয়। এছাড়াও আল আমিনকে প্রাণ নাশের হুমকি দিতে থাকে অভিযুক্তরা। সে সময় আল আমিনকে রক্ষা করতে এগিয়ে আসা তার দাদী ও তার স্ত্রীর উপরেও হামলা চালায় অভিযুক্তরা। পরে আশপাশের লোকজন জড়ো হলে আল আমিনের মোটরসাইকেল ভাঙচুর করে পালিয়ে যায় অভিযুক্তরা।

এ ঘটনায় ওইদিন রাতে আল আমিন বাদী হয়ে অভিযুক্ত ৬ জনের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় ১৪৩, ৪৪৭, ৩২৩, ৪২৭, ৫০৬ ধারায় একটি মামলা দায়ের করেন {মামলা নং ৯(২)২৪}।

অপরদিকে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি মেহের আফরোজ চুমকি এবং তাঁর মাকে উদ্দেশ্য করে মানহানীকর বক্তব্য দেয়ার প্রতিবাদে ও জড়িতদের বিচারের দাবিতে শুক্রবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে মহিলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা কালীগঞ্জ থানায় উপস্থিত হন। পরে গাজীপুর জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফৌজিয়া খাতুন বাদী হয়ে পিপুলিয়া এলাকার নাজির সরকার, মানিক সরকার, রতন সরকার এবং অর্পণ সরকারের নাম উল্লেখ করে একটি সাধারণ ডায়েরি (জিডি)করেন (নং ৪৪৪)।

মামলার তদন্ত কর্মকর্তা কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বলেন, শুক্রবার দিবাগত মধ্যরাতে অভিযান চালিয়ে রতন সরকার এবং মানিক সরকারকে গ্রেপ্তার করা হয়। শনিবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাতাব উদ্দিন বলেন, অভিযুক্ত রতন সরকার এবং মানিক সরকারকে গ্রেপ্তার করা হয়েছে। সাধারণ ডায়েরি ও মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।