কালীগঞ্জে নিখোঁজ মাদ্রাসা ছাত্রের লাশ মিলল নদীতে

কালীগঞ্জে নিখোঁজ মাদ্রাসা ছাত্রের লাশ মিলল নদীতে

নিজস্ব সংবাদদাতা : কালীগঞ্জে পারুলী নদী থেকে তাওহীদ শিকদার (১৪) নামে নিখোঁজ এক মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২১ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে জাঙ্গালিয়া ইউনিয়নের নরুন এলাকার পারুলী নদী থেকে লাশটি উদ্ধার করা হয়েছে।

নিহত তাওহীদ শিকদার পার্শবর্তী বক্তারপুর ইউনিয়নের ভাটিরা গ্রামের সৌদি প্রবাসী কাউসার শিকদারের ছেলে। সে নরুন হিজবুল্লাহ হাফিজিয়া মাদ্রাসা ও এতিম খানার হিফয বিভাগের শিক্ষার্থী।

gazipurkontho

জাঙ্গালিয়া ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের সদস্য সোহেল রানা ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার বিকেলের পর তাওহীদ শিকদারকে মাদ্রাসায় পাওয়া যায়নি। সে সময় আশপাশের এলাকায় খোঁজ করে তাকে না পেয়ে মাদ্রাসা কর্তৃপক্ষ তার পরিবারকে বিষয়টি জানায়। পরে পরিবারের লোকজনও রাতভর তাওহীদের সন্ধান করে। অপরদিকে বুধবার সকালে মাদ্রাসা থেকে প্রায় ৩ কিলোমিটার দূরত্বে নির্জন বেলাই বিলের মাঝ দিয়ে প্রবাহিত পারুলী নদীতে একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে নিখোঁজ তাওহীদের স্বজনরা ঘটনাস্থলে গিয়ে লাশ শনাক্ত করেন। পরে দুপুরে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

নাম প্রকাশে অনিচ্ছুক মাদ্রাসার একটি সূত্র জানিয়েছে, মঙ্গলবার দুপুরে মাদ্রাসা সংলগ্ন এলাকায় থাকা ফাইজুল্লাহর দোকান থেকে না বলে একটি কেক নেয় তাওহীদ। এতে ক্ষিপ্ত হয়ে ফয়জুল্লাহ তাওহীদকে আটকে রেখে মাদ্রাসায় খবর দেয়। সে সময় তাওহীদ ভয়ে কান্নাকাটি করতে থাকে। পরে মাদ্রাসা কর্তৃপক্ষ তাকে মাদ্রাসায় নিয়ে আসে। এরপর বিকেলে সে নিখোঁজ হয়।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাতাব উদ্দিন বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল পারুলী নদী থেকে মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। নিহতের শরীরে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে বলা যাবে।