গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবে এক সপ্তাহে (১৫ থেকে ২১ ফেব্রুয়ারি) আরও প্রায় ১৯ হাজার ৪৩১ জন অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির আবাসিক, শ্রম এবং সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘন করায় তাদের গ্রেপ্তার করা হয়।
রোববার (২৫ ফেব্রুয়ারি) সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে দুবাইভিত্তিক গালফ নিউজ।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গ্রেপ্তারদের মধ্যে দেশটির আবাসিক আইন লঙ্ঘনকারী ১১ হাজার ৮৯৭ জন। সীমান্ত নিরাপত্তা নিয়ম লঙ্ঘনকারী চার হাজার ২৫৪ জন এবং শ্রম বিধি লঙ্ঘনকারী তিন হাজার ২৮০ জন। এ ছাড়া সৌদিতে অবৈধ উপায়ে প্রবেশের চেষ্টার সময় ৯৭১ জনক ও দেশটি ত্যাগের চেষ্টাকালে আরও ৩৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, যারা অনুপ্রবেশকারীদের দেশে প্রবেশের সুবিধা দেবে বা তাদের পরিবহন, আশ্রয় বা যে কোনো ধরনের সহায়তা দেবে তাদের সর্বোচ্চ ১৫ বছরের জেল এবং এক মিলিয়ন সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে। সেইসঙ্গে পরিবহন এবং বাসস্থান বাজেয়াপ্ত করা হতে পারে।
প্রায় তিন কোটি ৪৮ লাখ জনসংখ্যার দেশ সৌদি আরবে বিপুলসংখ্যক অভিবাসী শ্রমিক রয়েছে। সৌদি গণমাধ্যম নিয়মিতভাবে অবৈধ অভিবাসীদের গ্রেপ্তারের খবর দিয়ে চলেছে।