গাজীপুর কণ্ঠ ডেস্ক : নিজে থেকেই লগআউট হয়ে যাচ্ছে ফেসবুক। সমস্যা ইনস্টাগ্রামেও। মঙ্গলবার রাত ৯টার পর থেকে এই সমস্যা নিয়ে বিপাকে গ্রাহকেরা। দুনিয়া জুড়েই এই সমস্যা দেখা দিয়েছে। গ্রাহকেরা সমস্যার কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে জানিয়েছেন। সমস্যার কারণ এখনও জানা যায়নি।
গ্রাহকদের অভিযোগ, নিজে থেকেই লগ আউট হয়ে যাচ্ছে ফেসবুক অ্যাকাউন্ট। তার পর চাইলেও আর লগ ইন করা যাচ্ছে না। ইনস্টাগ্রামেও সমস্যা দেখা দিয়েছে। ব্যবহারকারীদের অভিযোগ, নিজেদের পোস্ট, স্টোরি, কমেন্ট রিফ্রেশ করতে সমস্যা হচ্ছে। মার্ক জ়াকারবার্গের মেটারই তৈরি আর এক অ্যাপ ‘থ্রেডস’-এও সমস্যা দেখা দিয়েছে।
ফেসবুক, ইনস্টাগ্রাম বন্ধ থাকায় বহু সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীই ঝুঁকেছেন এক্স (সাবেক টুইটার)-এ। সেখানেই ক্ষোভ প্রকাশ করছেন তাঁরা। এক গ্রাহক লিখেছেন, ‘‘ফেসবুক তো বন্ধ। তা হলে এখানেই আজ বন্ধুদের হাই বলি। খবরাখবর নিই!’’