দিনের শুরুতেই সড়কে প্রাণ গেল ৯ জনের, আহত ৩০
গাজীপুর কণ্ঠ ডেস্ক : সারা দেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উল্লাসে পালিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। আর ঈদের দিন সকালেই ফরিদপুর এবং লালমনিরহাটে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৯জন এবং আহত হয়েছে আরও ৩০ জন।
এরমধ্যে ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত আর আহত হয়েছেন আরও ২০ জন। অপরদিকে লালমনিরহাটে পিকআপ উল্টে নিহত হয়েছে ৩ জন এবং আহত হয়েছেন আরও ১০ জন।
বুধবার সকাল ৭টার দিকে ফরিদপুর সদর উপজেলার ধুলদী রেলগেট এলাকায় দুর্ঘটনায় ৯জন নিহত হয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
ফরিদপুর পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, ঢাকা থেকে চুয়াডাঙ্গাগামী একে ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাস ফরিদপুর শহরতলীর ধুলদী রেলগেট এলাকায় একটি মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এ সময় বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।
এতে ঘটনাস্থলে ৪ জন বাসযাত্রী নিহত হয় এবং হাসপাতালে ২ জনের মৃত্যু ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
অপরদিকে ঈদের দিন সকালে লালমনিরহাটে সড়কে পিকআপ উল্টে প্রাণ গেছে ৩ জনের। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন।
বুধবার সকাল সাড়ে ৬টার দিকে সদর উপজেলার বড়বাড়ি ইউনিয়নের শিমুলতলা বাজারে কুড়িগ্রাম-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, রংপুর থেকে আসা একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের শহীদ মিনারে ধাক্কা দেয়। এতে পিকআপটি উল্টে গিয়ে ঘটনাস্থলেই দুজন ও লালমনিরহাট সদর হাসপাতালে নেয়ার পথে আরও একজন মারা যান।
হতাহতদের নাম-পরিচয় জানা না যায়নি। পিকআপে থাকা সবাই রংপুর থেকে ঈদ করার জন্য কুড়িগ্রাম যাচ্ছিলেন বলে জানিয়েছে স্থানীয়রা।
২৯ দিনের সিয়াম সাধনা শেষে বুধবার বাংলাদেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর।



