মধ্যপ্রাচ্য পরিস্থিতি নজরদারির নির্দেশ প্রধানমন্ত্রীর

মধ্যপ্রাচ্য পরিস্থিতি নজরদারির নির্দেশ প্রধানমন্ত্রীর

গাজীপুর কণ্ঠ ডেস্ক : মধ্যপ্রাচ্যে সৃষ্ট চলমান যুদ্ধ পরিস্থিতির ঘটনা প্রবাহের দিকে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়কে নজর রাখতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি যুদ্ধের সম্ভাব্য প্রভাব মোকাবিলায় সবাইকে প্রস্তুত থাকার নির্দেশও দেন তিনি।

বুধবার (১৭ এপ্রিল) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে প্রধানমন্ত্রী এ নির্দেশনা দেন।

সভা শেষে সচিবালয়ে অনুষ্ঠিত ব্রিফিংয়ে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।

তিনি বলেন, ‘মধ্যপ্রাচ্যে উত্তেজনার ফলে সম্ভাব্য রি-অ্যাকশন কী হতে পারে, সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে এখন থেকে প্রস্তুতি নিতে বলেছেন প্রধানমন্ত্রী। কনফ্লিক্ট (যুদ্ধ) যদি দীর্ঘমেয়াদি হয়, সেটি কীভাবে আমরা মোকাবিলা করব, সেগুলো মোকাবিলা করার জন্য আমরা কী করতে পারি- সেগুলোর প্রস্তুতি নিতে বলেছেন।’

সচিব আরও বলেন, ‘প্রধানমন্ত্রী ঘটনাপ্রবাহের দিকে নজর রাখতে বলেছেন। যুদ্ধ যদি দীর্ঘমেয়াদি হয় তখন বিভিন্ন সেক্টরে যে প্রভাব পড়তে পারে, সেটি যেন সংশ্লিষ্ট সেক্টর থেকে পর্যালোচনা করে তা মোকাবিলার জন্য পরিকল্পনা করে প্রস্তুতি নিয়ে রাখতে বলেছেন।’