গাজীপুর কণ্ঠ ডেস্ক : প্রবল গণ আন্দোলনে বাংলাদেশে ক্ষমতার পালাবদলের নতুন এক অধ্যায় রচিত হওয়ার পর ‘তরুণদের দেখানো পথে’ বাংলাদেশকে এগিয়ে নেওয়ার প্রত্যয়ে শপথ নিল অন্তর্বর্তীকালীন সরকার। প্রধান উপদেষ্টা হিসেবে এই সরকারের নেতৃত্ব দেবেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। এই যাত্রায় উপদেষ্টা হিসেবে তার সঙ্গে থাকছেন আরো ১৬ জন।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বৃহস্পতিবার (৮ আগস্ট) রাত সোয়া ৯টার পর অন্তর্বর্তীকালীন সরকারের সদস্যদের শপথবাক্য পাঠ করান।
নিয়ম অনুযায়ী প্রথমে প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন ও গোপনীয়তার শপথ নেন ইউনূস। শপথ নেওয়ার পর রাষ্ট্রপতি তাকে অভিনন্দন জানান।

এরপর ১৬ উপদেষ্টার নাম ঘোষণা করেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। তদের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ১৩ জন একসঙ্গে রাষ্ট্রপতির কাছ থেকে শপথ নেন। শপথ নেওয়ার পর নিয়ম অনুযায়ী শপথ বইতে সই করেন সবাই।
অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে নিয়োগ পাওয়ারা হলেন:
১. সালেহউদ্দিন আহমেদ,
২. ড. আসিফ নজরুল
৩. আদিলুর রহমান খান
৪. হাসান আরিফ
৫. তৌহিদ হোসেন
৬. সৈয়দা রিজওয়ানা হাসান
৭. মো. নাহিদ ইসলাম
৮. আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া
৯. ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন (অব.)
১০. সুপ্রদীপ চাকমা
১১. ফরিদা আখতার
১২. বিধান রঞ্জন রায়
১৩. আ. ফ. ম খালিদ হাসান
১৪. নূর জাহান বেগম
১৫. শারমিন মুরশিদ
১৬. ফারুক–ই–আজম
নিয়োগ পাওয়া ১৬ উপদেষ্টার মধ্যে তিনজন ঢাকার বাইরে থাকায় শপথ নিতে পারেননি। তবে তাঁদের নিয়োগ সম্পন্ন হয়েছে। তাঁরা হলেন: ফারুক–ই–আজম, সুপ্রদীপ চাকমা ও বিধান রঞ্জন রায়। শিগগিরই তাঁরা শপথ নেবেন বলে জানা গেছে।