গাজীপুর কণ্ঠ ডেস্ক : ময়মনসিংহের ধোবাউড়া সীমান্ত হয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় সাংবাদিক মোজাম্মেল বাবু, শ্যামল দত্তসহ চারজনকে আটক করেন এলাকাবাসী। পরে তাঁদের পুলিশে দেন তাঁরা।
সত্যতা নিশ্চিত করে ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. চাঁন মিয়া সংবাদ মাধ্যমকে বলেন, সোমবার (১৬ সেপ্টেম্বর) সকাল ছয়টার দিকে ধোবাউড়া সীমান্তে একটি প্রাইভেট কারসহ চারজনকে আটক করে পুলিশে দেন এলাকাবাসী।
আটক অন্য দুজন হলেন একাত্তর টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক মাহবুবুর রহমান ও প্রাইভেট কারের চালক সেলিম।
ওসি চাঁন মিয়া বলেন, চারজন ধোবাউড়া-পূর্বধলা সীমান্তবর্তী এলাকা থেকে আটক হন। বর্তমানে তাঁরা থানা-পুলিশের হেফাজতে আছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, শ্যামল দত্ত দৈনিক ভোরের কাগজের সম্পাদক। তিনি জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ছিলেন।
এর আগে, ৫ অগাস্ট শেখ হাসিনার সরকার পতনের পর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া হয়ে সপরিবারে ভারতে যাওয়ার সময় শ্যামল দত্তকে আটকে দিয়েছিল ইমিগ্রেশন পুলিশ। তবে এর পর থেকে তাকে প্রকাশ্যে দেখা যায়নি।
অন্যদিকে, মোজাম্মেল বাবু সরকার পতনের পর থেকেই আত্মগোপনে ছিলেন। তিনি একাত্তর টিভির ব্যবস্থাপনা পরিচালক এবং এডিটরস গিল্ড বাংলাদেশের সভাপতি।
বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে ‘সাংবাদিকতার আড়ালে জাতীয় স্বার্থ এবং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার’ অভিযোগে যে ৫১ জন সাংবাদিককে কর্মস্থল থেকে বহিষ্কার এবং সাংবাদিক অঙ্গনে নিষিদ্ধ করার দাবি জানিয়েছিল বৈষম্যবিরোধী অন্দোলনকারীরা, সেখানে শ্যামল দত্ত ও মোজাম্মেল বাবুর নামও ছিল।