যোগদানের দুই সপ্তাহেই কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি প্রত্যাহার

গাজীপুর কণ্ঠ ডেস্ক : যোগদানের দুই সপ্তাহ পার না হতেই প্রতিমা ভাঙচুরের ঘটনায় কিশোরগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তরিকুল ইসলামকে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে।

বৃহস্পতিবার (০৩ অক্টোবর) রাত ১০টার দিকে সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন কিশোরগঞ্জের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ হাছান চৌধুরী।

ওসি তরিকুল ইসলামের স্থলে ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ হিসেবে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) শ্যামল মিয়াকে।

এর আগে গত ১৯ সেপ্টেম্বর কিশোরগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছিলেন মো. তরিকুল ইসলাম।

জানা গেছে, বৃহস্পতিবার ভোর রাতে কিশোরগঞ্জ জেলা শহরের বত্রিশ মনিপুর ঘাট এলাকায় শ্রী শ্রী গোপীনাথ জিউর আখড়ায় দুর্বৃত্তরা প্রতিমা ভাঙচুর চালায়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। তবে এ ঘটনায় এখনো কাউকে আটক করা যায় নি বলে জানিয়েছে পুলিশ। এই আখড়ায় প্রথমবারের মতো দুর্গাপূজার আয়োজন করা হচ্ছে। রাতে নিরাপত্তার কারণে পাহারায় ছিলেন স্থানীয় গোপীনাথ সংঘের ছেলেরা। রাত চারটা পর্যন্ত সংগঠনের পাঁচ সদস্য জেগে ছিলেন। এরপর থেকে ভোর পাঁচটার মধ্যে দুর্বৃত্তরা প্রতিমা ভাঙচুর করে।

নিরাপত্তার স্বার্থে পূজা উপলক্ষে মন্দিরে সিসি ক্যামেরা বুধবার লাগানোর কথা থাকলেও বৃষ্টির জন্য তা লাগানো হয়নি।

এ ছাড়াও সনাতনীদের ধর্মীয় উপসনালয়গুলোতে নিরাপত্তার জন্য গত দুই মাস ধরে পাহারা দেওয়া হচ্ছে বলেও জানা যায়।

এলাকার স্থানীয় ও আখড়ার লোকজন সংবাদ মাধ্যমকে বলেন, পূজার বাকি মাত্র সাত দিন। ৫ আগস্টের পর থেকে কিশোরগঞ্জে রাতে হিন্দু-মুসলিম মিলে শহরের মন্দির, আখড়াগুলো পাহারা দেওয়া হয়। দিনে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন পাহারা দেয়। সারারাত বৃষ্টিতে প্রতিমা পাহারা দিলেও ভোরে কে বা কারা ভাঙচুর করে গেছে তা আমরা জানতে পারিনি।

এলাকাবাসীসহ গোপীনাথ মন্দির পূজা উদযাপন কমিটি প্রশাসন ও বর্তমান সরকারের কাছে এর বিচার দাবি করেছেন।

পরে, জেলা কালেক্টরেট মিলনায়তনে জরুরি সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রশাসক ফৌজিয়া খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরীসহ সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিল। সভায় হিন্দু ধর্মের নেতারা অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।

ঘটনার পর প্রশাসনিক সমস্যাজনিত কারণে সদর মডেল থানার ওসিকে প্রত্যাহার করা হয়েছে বলে পুলিশ সুপার জানান।

উল্লেখ্য : মো. তরিকুল ইসলাম কিশোরগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব পাওয়ার আগে গাজীপুর সদর সার্কেল অফিসে, কিশোরগঞ্জ সদর থানায়, গাজীপুরের কালীগঞ্জ থানায় এবং শিল্প পুলিশের পরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া কাপাসিয়া থানায়ও দায়িত্ব পালন করেছেন।

Related Articles

Back to top button