গাজীপুর কণ্ঠ ডেস্ক : গাজীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে একজন গুলিবিদ্ধসহ তিনজন আহতের খবর পাওয়া গেছে।
সোমবার (০৭ অক্টোবর) দুপুর সোয়া ১টায় মহানগরের জয়দেবপুর রেল গেইট এলাকায় এ ঘটনা ঘটেছে।
আহত সফিকুল ইসলাম টিটুকে (৪০) শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া গুলিবিদ্ধ মনিরুল ইসলাম সাগরকে ঢাকায় নেওয়া হয়েছে। অন্যজনের নাম-পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মহানগরের সাহাপাড়া এলাকার স্থানীয় বিএনপি নেতা কালীগঞ্জের জাঙ্গালিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোফাজ্জল হোসেনের অনুসারী সৌরভের সঙ্গে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মন্জুরুল করিম রনির অনুসারী মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম সাগরের পক্ষের লোকজনের গোলাগুলি ও ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে।
এ ঘটনায় মনিরুল ইসলামের পায়ে গুলি লাগে। সংঘর্ষের এক পর্যায়ে সৌরভের পক্ষের কয়েকজন দেশি অস্ত্র দিয়ে সাগরের পক্ষের সফিকুল ইসলামকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। এ ছাড়া গুলিবিদ্ধ মনিরুলকে ঢাকায় পাঠানো হয়েছে।
এ বিষয়ে গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার সংবাদ মাধ্যমকে বলেন, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুরুল কবির রনির আজ একটি অনুষ্ঠান ছিল। রনি বর্তমানে দেশের বাইরে আছেন। তবে রনি ভার্চুয়ালি অনুষ্ঠানে যুক্ত থাকা অবস্থায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এক পর্যায়ে গোলাগুলিও হয়েছে। জড়িতদের বিরুদ্ধে দল অবশ্যই ব্যবস্থা নেবে।
গাজীপুর মহানগর পুলিশের সদর থানার ওসি রাহেদুল ইসলাম সংবাদ মাধ্যমকে জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একজন গুলিবিদ্ধ হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার করা হবে।
সূত্র : বিডিনিউজ