গাজীপুর কণ্ঠ ডেস্ক : ৪৪, ৪৫ ও ৪৬তম বিসিএস পরীক্ষার বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে সরকারি কর্মকমিশন। এতে ৪৪তম বিসিএসে ভাইভা পরীক্ষা বাতিল করে পুনরায় গ্রহণ, তৃতীয় পরীক্ষকের কাছে যাবে ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার উত্তরপত্র এবং ৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল পুনরায় ঘোষণা করার কথা জানানো হয়েছে।
সোমবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
চলমান ক্যাডার ও নন-ক্যাডার পরীক্ষার বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সিদ্ধান্ত নিয়ে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘নবনিয়োগপ্রাপ্ত কর্মকমিশনের চেয়ারম্যান ও ৮ সদস্যবিশিষ্ট কমিশনের সভায় ৪৪, ৪৫ ও ৪৬তম বিসিএস পরীক্ষাসহ বিভিন্ন নন-ক্যাডার পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সন্দেহ-সংক্রান্ত সব বিষয় গুরুত্বসহকারে আলোচনা হয়েছে। কমিশন পরীক্ষাসমূহের স্বচ্ছতা, ন্যায্যতা ও নিরপেক্ষতা বজায় রাখার স্বার্থে নিম্নলিখিত সিদ্ধান্তগুলো গ্রহণ করে।’
৪৪তম বিসিএস নিয়ে বলা হয়, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ১১ হাজার ৭৩২ জন প্রার্থীর মধ্যে ৩ হাজার ৯৩০ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা বিগত ১৮ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হয়। গত ২৫ আগস্ট মৌখিক পরীক্ষা স্থগিত করা হয়। ৮ অক্টোবর তৎকালীন কমিশন পদত্যাগ করে। মৌখিক পরীক্ষায় সমমান বজায় রাখার জন্য আগের কমিশনের গৃহীত ৪৪তম বিসিএস ২০২১-এর আংশিক অর্থাৎ ৩ হাজার ৯৩০ জন প্রার্থীর গৃহীত মৌখিক পরীক্ষা বাতিল করে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ সব প্রার্থী অর্থাৎ ১১ হাজার ৭৩২ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা গ্রহণ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। যথাশিগগির মৌখিক পরীক্ষার তারিখ জানানো হবে।
৪৫তম বিসিএসের বিষয়ে বলা হয়, লিখিত পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের কাজ চলমান এবং দ্বিতীয় পরীক্ষকের মূল্যায়নের কাজ প্রায় সমাপ্তির পথে। লিখিত পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে স্বচ্ছতা ও ন্যায্যতা বজায় রাখার স্বার্থে নতুন কমিশন সব উত্তরপত্র তৃতীয় পরীক্ষকের কাছে পাঠানোর সিদ্ধান্ত গ্রহণ করেছে।
৪৬তম বিসিএস নিয়ে বলা হয়, এর প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল বিগত ৯মে প্রকাশিত হয়। এ পরীক্ষায় ১০ হাজার ৬৩৮ জন প্রার্থীকে লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়। এ ক্ষেত্রে সম্ভাব্য বৈষম্য দূরীকরণের লক্ষ্যে ইতোমধ্যে নির্বাচিত প্রার্থীদের সঙ্গে আরও সমসংখ্যক প্রার্থী লিখিত পরীক্ষার জন্য যোগ্য বিবেচনা করে পুনরায় ফলাফল ঘোষণা করার সিদ্ধান্ত গৃহীত হয়।
অপরদিকে বাংলাদেশ রেলওয়ের (উপসহকারী প্রকৌশলী) নন-ক্যাডার পদে অনুষ্ঠিত লিখিত পরীক্ষার বিষয়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন পরীক্ষা-নিরীক্ষা ও পর্যালোচনা করছে। খুব শিগগির এ পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।