মোমেন্টস ফিচার আনল নেটফ্লিক্স

মোমেন্টস ফিচার আনল নেটফ্লিক্স

গাজীপুর কণ্ঠ, বিনোদন ডেস্ক : দেশি-বিদেশি নানা সিনেমা, ডকুমেন্টারি, ওয়েব সিরিজের ভা-ার নেটফ্লিক্স। বিশ্ব জুড়ে দিনে দিনে বাড়ছে গ্রাহকের সংখ্যাও। আর এরই মাঝে আরও একটি আকর্ষণীয় ফিচার নিয়ে হাজির এই ওটিটি প্ল্যাটফর্ম। নিজের পছন্দের সেরা মুহূর্ত ধরে রাখতে পারবেন। এই ফিচারটির নাম ‘মোমেন্টস’ ফিচার।

নেটফ্লিক্স এবার অনায়াসে পছন্দের সিনেমা, রিয়ালিটি শো কিংবা ওয়েব সিরিজের কোনো দৃশ্যের স্ক্রিনশট নেওয়া যাবে অ্যাপ থেকেই। ফলে প্রিয় মুহূর্ত নিজের কাছে রেখে দেওয়ার ক্ষেত্রে আদর্শ এই ফিচার। শুক্রবারই আইওএস ইউজারদের জন্য চালু হয়েছে ‘মোমেন্টস’। আগামী সপ্তাহেই অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরাও এই ফিচার ব্যবহার করতে পারবেন। এতকাল মোবাইল অ্যাপ থেকে নেটফ্লিক্সের কোনো প্রোগ্রামের স্ক্রিনশট নিতে গেলে স্ক্রিন অন্ধকার হয়ে যেত। ফলে ইচ্ছা করলেও পছন্দের দৃশ্য ক্যামেরাবন্দি করা যেত না। বেআইনিভাবে যাতে কোনো দৃশ্য কেউ এই প্ল্যাটফর্ম থেকে না নিতে পারে, সে কারণেই ছিল বাধা-নিষেধ। তবে ‘মোমেন্টস’ আসায় মুশকিল আসান।

কীভাবে ‘মোমেন্টস’ অ্যাপটি ব্যবহার করবেন?

সিনেমা দেখছেন। তখন অ্যাপ স্ক্রিনের ঠিক নিচে একটি বোতাম দেখতে পাবেন। সেটি প্রেস করলেই ওই বিশেষ দৃশ্যটি আর্কাইভে চলে যাবে। সেখান থেকে মাই নেটফ্লিক্স ট্যাবে (My Netflix tab) তা সেভ হয়ে যাবে। যখন খুশি সেই ট্যাব থেকে পছন্দের দৃশ্যটি দেখে নিতে পারবেন সাবস্ক্রাইবরা। ইচ্ছা করলে শেয়ার করা যাবে সোশ্যাল মিডিয়াতেও।

দীর্ঘদিন ধরেই এই ফিচারের অপেক্ষায় ছিলেন সাবস্ক্রাইবাররা। অবশেষে যেন তারা হাতে চাঁদ পেলেন। অনেকেই বলছেন, কোনো সিনেমা বা সিরিজ যদি দেখে ভালো লাগে বা জনপ্রিয় হয় তবে সেটা শেয়ারের জন্য এই ফিচারটি আদর্শ।