শ্রীপুরে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ২৫ মামলার আসামি ‘বাবুল ডাকাত’ নিহত

গাজীপুর কণ্ঠ ডেস্ক : শ্রীপুর উপজেলার দুম্বারিচালা এলাকায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মো. বাবুল মিয়া ওরফে বাবুল ডাকাত (৩৫) নিহত হয়েছে।

শুক্রবার ভোররাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।

তাৎক্ষণিক নিহত বাবুল ডাকাতের বিস্তারিত পরিচয় জানাতে না পারলেও তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি ও মাদকসহ ২০-২৫টি মামলার রয়েছে বলে জানিয়ছে র‌্যাব। ঘটনাস্থল থেকে বিদেশি পিস্তল, গুলি ও বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়েছে।

র‌্যাব-১-এর সহকারি পরিচালক মো. কামরুজ্জামান জানান, শ্রীপুর উপজেলার দুম্বারিচালা এলাকায় ডাকাত ও মাদক ব্যবসায়ীরা আবস্থান করেছে খবর পেয়ে ভোররাত সোয়া ৩টার দিকে র‌্যাব-১-এর একটি টহল দল অভিযানে যায়। র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে ডাকাত ও মাদক ব্যবসায়ীরা তাদের লক্ষ্য করে গুলি ছুঁড়তে থাকে। এসময় র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি ছোড়ে। এতে বাবুল গুলিবিদ্ধ হন এবং অন্যরা পালিয়ে যায়। পরে বাবুলকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গুলি বিনিময়ের সময় র‌্যাব-১-এর কনস্টেবল মো. জিকরুল ও মো. কামরুল আহত হয়েছেন। আহতদের শ্রীপুর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

ঘটনাস্থল থেকে দুই রাউন্ড গুলি ভর্তি একটি বিদেশি পিস্তল, বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়েছে। বাবুলের বিরুদ্ধে ডাকাতি ও মাদকসহ ২০-২৫টি মামলার তথ্য পাওয়া গেছে। লাশ ময়না তদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিহত বাবুল ডাকাতের বিস্তারিত পরিচয় জানা যায়নি বলেও জানান মো. কামরুজ্জামান।

তবে স্থানীয়রা জানান, নিহত মো. বাবুল মিয়া ওরফে ডাকাত বাবুল স্থানীয় জাহাঙ্গীরপুর গ্রামের মো. আফছার উদ্দিনের ছেলে।