পোশাক শিল্পে নারী শ্রমিক কমছে, বাড়ছে সামাজিক ও অর্থনৈতিক ঝুঁকি

বিশেষ প্রতিনিধি : গাজীপুরে আয়োজিত এক কর্মশালায় জানানো হয়েছে, বাংলাদেশের তৈরি পোশাক খাতে নারী শ্রমিকদের সংখ্যা আশঙ্কাজনক হারে কমে আসছে। নব্বইয়ের দশকে এ খাতে শতকরা ৮০ শতাংশ শ্রমিক নারী ছিলেন, যা বর্তমানে ৫০-৬০ শতাংশে নেমে এসেছে। নারীরা চাকরি হারালে তাদের বিকল্প কর্মসংস্থান সীমিত থাকায় এ পরিস্থিতি সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলছে।

শনিবার (১৮ জানুয়ারি) গাজীপুর মহানগরের টেকনগপাড়ার একটি কমিউনিটি সেন্টারে ‘Strengthening Coverage of Women RMG Workers’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়। সেন্টার ফর কমিউনিকেশন অ্যাকশন বাংলাদেশ (সি-ক্যাব)-এর আয়োজনে এই কর্মশালায় পোশাক খাতে নারীর ক্ষমতায়নে গণমাধ্যমের ভূমিকা ও তাদের জীবনঘনিষ্ঠ কাহিনী তুলে ধরার বিষয়ে আলোচনা করা হয়।

কর্মশালায় বক্তব্য দেন সি-ক্যাবের নির্বাহী পরিচালক সৈয়দ জেইন আল-মাহমুদ, সিনিয়র প্রোগ্রাম অফিসার ফারজিয়া আহমেদ ও হাসান জেমস। তারা জানান, এইচ অ্যান্ড এম ফাউন্ডেশনের সহায়তায় ‘অপরাজিতা’ প্রকল্পের মাধ্যমে নারী পোশাককর্মীদের ক্ষমতায়নে কাজ করছে সি-ক্যাব ও ১৪টি সহযোগী সংস্থা।

কর্মশালায় গণমাধ্যমের সাংবাদিকদের বিশ্লেষণী প্রতিবেদন তৈরির গুরুত্ব তুলে ধরা হয়। পাশাপাশি সি-ক্যাব থেকে নারী পোশাককর্মীদের বিষয়ে গভীর গবেষণামূলক প্রতিবেদন তৈরির জন্য ১০ জন সাংবাদিককে ফেলোশিপ প্রদানের ঘোষণা দেওয়া হয়।

বিশেষজ্ঞরা মনে করছেন, পোশাক খাতে নারী শ্রমিকের সংখ্যা কমে গেলে দেশের সামাজিক কাঠামো ও অর্থনীতিতে দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব পড়বে। তাই নারী শ্রমিকদের সুযোগ ও সুবিধা বাড়ানোর উদ্যোগ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এগিয়ে আসতে হবে।

Related Articles

Back to top button