বাংলাদেশসহ ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ২৭২ মিলিয়ন ডলার সহায়তার ঘোষণা কানাডার

বাংলাদেশসহ ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ২৭২ মিলিয়ন ডলার সহায়তার ঘোষণা কানাডার

গাজীপুর কণ্ঠ ডেস্ক : কানাডার আন্তর্জাতিক উন্নয়ন মন্ত্রী আহমেদ হুসেন বাংলাদেশ, ভারতসহ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বিদেশি সাহায্য প্রকল্পের জন্য ২৭২ দশমিক ১ মিলিয়ন ডলারের নতুন তহবিল ঘোষণা করেছেন।

রোববার (৯ মার্চ) দেশটির সম্প্রচারমাধ্যম গ্লোবাল নিউজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

হুসেন এক বিবৃতিতে বলেন, ‘বাংলাদেশ ও বৃহত্তর ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সঙ্গে আমাদের দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ককে কানাডা আরও দৃঢ়ভাবে শক্তিশালী করছে। ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা, নারীর ক্ষমতায়ন এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহায়তা দিয়ে আমরা বৈশ্বিক সম্প্রদায়ের জন্য একটি উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলছি।’

অন্যান্য বিদেশি অংশীদার ও দাতাদের অর্থায়নের পাশাপাশি এই তহবিল বাংলাদেশ এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অন্যান্য দেশে ১৪টি বিভিন্ন প্রকল্পে ব্যয় করা হবে।

এই পদক্ষেপের মাধ্যমে কানাডার ফেডারেল লিবারেল সরকার বৈদেশিক উন্নয়ন সহায়তার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরকারের তুলনায় সম্পূর্ণ ভিন্ন দৃষ্টিভঙ্গি নিয়েছেন। ট্রাম্প প্রশাসন ক্ষমতা গ্রহণের পর মার্কিন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডির মাধ্যমে বৈদেশিক সহায়তা বন্ধ করে দেয়।

ক্ষমতা গ্রহণের পর ট্রাম্প ও তার নতুন প্রশাসনিক দক্ষতাবিষয়ক বিভাগের প্রধান ইলন মাস্ক ৯০ দিনের জন্য মার্কিন বৈদেশিক সহায়তা কার্যক্রম স্থগিত করেন। যার ফলে বিশ্বব্যাপী অনেকগুলো সহায়তা কর্মসূচি বন্ধ হয়ে যায়।

ট্রাম্প এবং তার প্রশাসনে নিয়োগপ্রাপ্তরা বৈদেশিক সহায়তাকে মার্কিন করদাতাদের অর্থের অপচয় হিসেবে বিবেচনা করে দাবি করেন, এসব সহায়তা উদারনৈতিক রাজনৈতিক অ্যাজেন্ডাকে সমর্থন করে।

কানাডা যে প্রকল্পগুলোকে সহায়তা দিচ্ছে তার মধ্যে লিঙ্গ সমতা, নারীদের ও কিশোরীদের যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার, পাশাপাশি অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ও দক্ষতা প্রশিক্ষণের সুযোগ বৃদ্ধি করা অন্যতম।

এ ছাড়া, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধি, নাগরিক সম্পৃক্ততা জোরদার এবং দারিদ্র্য হ্রাসের লক্ষ্যে অন্যান্য প্রকল্প বাস্তবায়ন করা হবে।

কানাডার সরকার জানায়, ‘নার্সিং খাতে নারীর ক্ষমতায়ন’ নামে একটি প্রকল্পের জন্য তিন বছরে ৬৩ লাখ ডলার বরাদ্দ দেওয়া হয়েছে। কানাডীয় প্রতিষ্ঠান কোওয়াটার ইন্টারন্যাশনালের মাধ্যমে এই প্রকল্প বাস্তবায়িত হবে।

এই সহায়তা কর্মসূচির আনুষ্ঠানিক ঘোষণা দেন আহমেদ হুসেন ও ব্রিটিশ কলাম্বিয়ার লিবারেল পার্লামেন্ট সদস্য পারম বেইন্স। ভ্যানকুভারে অনুষ্ঠিত এ ঘোষণার অনুষ্ঠানে বাংলাদেশি কমিউনিটির নেতারাও উপস্থিত ছিলেন।

সূত্র: গ্লোবাল নিউজ