গাজীপুরে এসপি’র নাম ভাঙিয়ে বিএনপি নেতার কাছ থেকে টাকা আদায়, গ্রেপ্তার ৩

গাজীপুরে এসপি’র নাম ভাঙিয়ে বিএনপি নেতার কাছ থেকে টাকা আদায়, গ্রেপ্তার ৩

বিশেষ প্রতিনিধি : গাজীপুরের পুলিশ সুপার (এসপি) ড. চৌধুরী মো. যাবের সাদেকের নাম ও ছবি ব্যবহার করে ঈদ বোনাসের নামে বিএনপির এক নেতার কাছ থেকে দুই লাখ টাকা হাতিয়ে নেওয়া প্রতারকচক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (৭ এপ্রিল) রাতে টঙ্গী পূর্ব থানা এলাকা ও ফরিদপুরের ভাঙ্গা থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার (৮ এপ্রিল) গাজীপুর জেলা পুলিশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

গ্রেপ্তাররা হলেন—মো. যুবরাজ মাতুব্বর (২৭), মো. সামিউল ইসলাম আলিম (৪২) ও রাকিবুল হাসান রাতুল (২০)।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৪ মার্চ সকালে জয়দেবপুর থানার বাঘের বাজার এলাকায় অবস্থান করছিলেন বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও ব্যবসায়ী কাজী ছাইয়েদুল আলম বাবুল। এ সময় তার ব্যবহৃত মোবাইল নম্বরের হোয়াটসঅ্যাপে গাজীপুরের এসপির নাম ও ছবি ব্যবহার করে একটি অজ্ঞাত নম্বর থেকে যোগাযোগ করা হয়। প্রতারকচক্রের সদস্যরা পরিচয় দিয়ে জানান, গাজীপুর জেলা পুলিশের সদস্যদের ঈদ উপহার হিসেবে কিছু অর্থ প্রয়োজন। এ দাবির প্রেক্ষিতে কাজী ছাইয়েদুল আলম বাবুল বিকাশ, নগদ ও রকেটসহ মোট আটটি মোবাইল নম্বরের মাধ্যমে দুই লাখ টাকা পাঠান।

ঘটনার বিষয়ে পুলিশ সুপারকে অবহিত করলে তিনি তাৎক্ষণিকভাবে প্রতারকদের সনাক্ত ও গ্রেপ্তারের নির্দেশ দেন। এরপর কাজী বাবুলের কেয়ারটেকার নওজেস আলী জয়দেবপুর থানায় একটি প্রতারণা মামলা দায়ের করেন।

ডিবির চৌকস একটি টিম তথ্যপ্রযুক্তি ও সোর্সের সহায়তায় ফরিদপুরের ভাঙ্গা এলাকা থেকে যুবরাজ মাতুব্বর এবং গাজীপুরের টঙ্গী পূর্ব এলাকা থেকে সামিউল ইসলাম আলিম ও রাকিবুল হাসান রাতুলকে গ্রেফতার করে। এ সময় বাবুলের কাছ থেকে প্রতারণার মাধ্যমে নেওয়া দুই লাখ টাকা, অতিরিক্ত আরও ৫০ হাজার টাকা এবং প্রতারণায় ব্যবহৃত মোবাইল ডিভাইস জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা একটি সংঘবদ্ধ চক্রের সদস্য। তারা পরস্পরের সহায়তায় গাজীপুর, ফরিদপুর, শেরপুরসহ দেশের বিভিন্ন স্থানে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা ও প্রশাসনের বিভিন্ন কর্মকর্তার নাম ও ছবি ব্যবহার করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল। তাদের বিরুদ্ধে ঢাকাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।