পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি জিএমপি কমিশনার নাজমুল, সম্পাদক ঢাকার এসপি আনিসুজ্জামান

পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি জিএমপি কমিশনার নাজমুল, সম্পাদক ঢাকার এসপি আনিসুজ্জামান

গাজীপুর কণ্ঠ ডেস্ক : গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) কমিশনার মো. নাজমুল করিম খান বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের (বিপিএসএ) সভাপতি ও ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) মো. আনিসুজ্জামান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (১ মে) বিকেলে রাজারবাগ পুলিশ লাইনসে মিলনায়তনে অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে তাঁরা নির্বাচিত হন।

পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পরে অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।

জানা গেছে, পুলিশ সপ্তাহের তৃতীয় দিনে অ্যাসোসিয়েশনের সদস্যরা সিলেকশনের মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করেন। আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।

এর আগে গত ২৮ ডিসেম্বর অ্যাসোসিয়েশনের ৩৫ সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটি ঘোষণা করা হয়। ওই কমিটিতে সভাপতি ছিলেন সিআইডির প্রধান অতিরিক্ত আইজিপি মো. মতিউর রহমান শেখ ও সাধারণ সম্পাদক ছিলেন ঢাকা জেলার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান।