গাজীপুর কণ্ঠ ডেস্ক : ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান সংঘাত বা যুদ্ধকে কেন্দ্র করে বাংলাদেশের সীমান্তবর্তী ৩৩ জেলার পুলিশ সুপারদের (এসপি) সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।
বুধবার (৭ মে) বিকেলে ‘বাংলাদেশ পুলিশ বার্ষিক শুটিং প্রতিযোগিতা এবং আইজিপি কাপ-২০২৪’ এর চূড়ান্ত প্রতিযোগিতার আয়োজনে গিয়ে সংবাদিকদের তিনি এই কথা জানান।
রাজধানীর গুলশানে বাংলাদেশ শুটিং স্পোর্টস ফেডারেশনে ওই প্রতিযোগিতার আয়োজন করা হয়। আয়োজনে বাংলাদেশ পুলিশ শুটিং ক্লাবের সভাপতি ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টেশনের (পিবিআই) প্রধান অতিরিক্ত আইজিপি মো. মোস্তফা কামালসহ পুলিশ সদর দপ্তরের ঊর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আইজিপি এ সময় বলেন, ‘ভারত ও পাকিস্তানের সংঘাত ঘিরে বাংলাদেশের নিরাপত্তা যেন বিঘ্নিত না হয় সে জন্য সীমান্তের জেলাগুলোর এসপিদের সতর্কভাবে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়েছে। দুই দেশের (ভারত-পাকিস্তান) সংঘাতময় পরিস্থিতিতে যাতে কোনো জঙ্গি বা সন্ত্রাসীরা দেশে প্রবেশ করতে না পারে, সে বিষয়ে সীমান্তের ওই এসপিদের সতর্ক করা হয়েছে।’
পুলিশ সদর দপ্তর জানিয়েছে, বাংলাদেশের ৩৩টি সীমান্তবর্তী জেলার মধ্যে ৩০টি রয়েছে ভারতের সঙ্গে এবং ৩টি মায়ানমারের সঙ্গে।
এদিকে, ভারত-পাকিস্তানের পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে উভয় দেশকে শান্ত, সংযত থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ। বাংলাদেশ সরকার ভারত ও পাকিস্তানের ক্রমবর্ধমান পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলেও জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।