বিশেষ প্রতিনিধি : অটোপাসের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহর ওপর হামলার ঘটনা ঘটেছে।
বুধবার (২১ মে)দুপুর ১২টার দিকে গাজীপুরের বোর্ডবাজার এলাকায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের গেটে এ ঘটনা ঘটে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. মোস্তাফিজুর রহমান সংবাদ মাধ্যমকে জানান, স্নাতক (পাস) ২০২২ ব্যাচের কিছু শিক্ষার্থী উপাচার্য ক্যাম্পাসে প্রবেশ করার সময় তাকে ঘিরে ধরেন। তাদের মধ্য থেকে লুকিয়ে থাকা কিছু দুষ্কৃতকারী উপাচার্যের ওপর হামলা চালায়। এতে উপাচার্য সামান্য আহত হন।
তিনি আরও জানান, এর আগেও এই ব্যাচের শিক্ষার্থীরা অটোপাসের দাবিতে কয়েকবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সুদৃঢ় অবস্থানের কারণে পরীক্ষা নিয়ম অনুযায়ী অনুষ্ঠিত হয় এবং তাতে ৬৯ শতাংশ শিক্ষার্থী পাস করে।
মোস্তাফিজুর রহমান বলেন, “করোনা মহামারী ও রাজনৈতিক অস্থিরতা বিবেচনায় নিয়ে এই ব্যাচের শিক্ষার্থীদের গ্রেস নম্বর প্রদান করা হয়েছে এবং খাতা পুনর্মূল্যায়নের সুযোগও দেয়া হয়েছে। ওই পুনর্মূল্যায়নের ফল চলতি মাসেই প্রকাশিত হবে।”
তিনি অভিযোগ করে বলেন, “বিভিন্ন মহলের উসকানিতে কিছু অকৃতকার্য শিক্ষার্থী পুনরায় অটোপাসের দাবিতে বুধবার এ ন্যাক্কারজনক হামলা চালিয়েছে।”
এ ঘটনায় হামলাকারীদের শনাক্ত করে গাজীপুর মহানগর পুলিশের গাছা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, “জাতীয় বিশ্ববিদ্যালয়ের অবস্থান অত্যন্ত স্পষ্ট—কোনো অবস্থাতেই কোনো ব্যাচের শিক্ষার্থীদের অটোপাস প্রদান করা হবে না।”