দুদকের ডাকে হাজির হননি সাবেক এমপি সবুজ, দেশত্যাগে নিষেধাজ্ঞা

দুদকের ডাকে হাজির হননি সাবেক এমপি সবুজ, দেশত্যাগে নিষেধাজ্ঞা

গাজীপুর কণ্ঠ ডেস্ক : দুর্নীতির অভিযোগ থাকায় গাজীপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ ও তার স্ত্রী এবং ভাইকে দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আাদলাত।

দুদকের আবদনের পরিপ্রেক্ষিতে রোববার (০১ জুন)  ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন।

নিষেধাজ্ঞা পাওয়া সাবেক এমপি মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ, স্ত্রী নিগার সুলতানা ঝুমা এবং সবুজের ভাই মোহাম্মদ সাখাওয়াত হোসাইন।

মামলার অনুসন্ধানকারী কর্মকর্তা দুদকের সহকারি পরিচালক সাইদুল ইসলাম এই তিনজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেছিলেন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম সংবাদ মাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

আবেদনে বলা হয়, ইকবাল হোসেনের বিরুদ্ধে জ্ঞাত আয় বর্হিভূত সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলছে। ওই তদন্ত কাজের জন্য তাদের বক্তব্য শুনতে দুদক কার্যালয়ে ডাকা হয়েছিল।

তবে তারা নির্ধারিত ওই তারিখে হাজির হননি। অভিযুক্ত ব্যক্তিরা দেশ ছেড়ে পালাতে পারে বলেও দুদক জেনেছে। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা আনা প্রয়োজন বলেও ওই আবদনে জানিয়েছে দুদক।

মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে গাজীপুর-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এই সংসদে তিনি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ছিলেন।

পরে ২০২৪ সালের ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে রুমানা আলীর বিপক্ষে নির্বাচন করে পরাজিত হন।