গাজীপুরে স্ত্রীর গলাকাটা লাশ উদ্ধার, স্বামী গ্রেপ্তার

গাজীপুরে স্ত্রীর গলাকাটা লাশ উদ্ধার, স্বামী গ্রেপ্তার

বিশেষ প্রতিনিধি : গাজীপুর মহানগরের বাসন থানার মোগরখাল এলাকা থেকে রত্না আক্তার (২২) নামে এক নারী পোশাক শ্রমিকের গলাকাটা অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

লাশটি লেপ-তোষকে মোড়ানো অবস্থায় মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে উদ্ধার করা হয়।

এ ঘটনায় নিহতের স্বামী শামীম শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহত রত্না আক্তার সিরাজগঞ্জের রায়গঞ্জ থানার বেলতলা গ্রামের মোতালেব মিয়ার মেয়ে এবং একই উপজেলার পাঙ্গাসি গ্রামের শামীম শেখের স্ত্রী। তিনি স্থানীয় ‘টেক্স ইউরো ডিজাইন লিমিটেড’ নামের একটি পোশাক কারখানায় কাজ করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রত্না ও তার স্বামী রাজমিস্ত্রী শামীম মোগরখাল এলাকার লাভলী বেগমের বাড়িতে ভাড়া থাকতেন। তাদের দাম্পত্য জীবনে কোনো সন্তান ছিল না। মঙ্গলবার রাতে পাশের ভাড়াটিয়ারা ঘর থেকে তীব্র দুর্গন্ধ পেয়ে বাসন থানা পুলিশে খবর দেন। খবর পেয়ে রাত দেড়টার দিকে পুলিশ ঘরের তালা ভেঙে লেপ-তোষকে মোড়ানো অবস্থায় রত্নার গলাকাটা লাশ উদ্ধার করে।

বাসন থানার উপপরিদর্শক (এসআই) আবু সাঈদ জানান, লাশটি পচে দুর্গন্ধ ছড়াচ্ছিল। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, ঘটনার পর থেকেই শামীম শেখ পলাতক ছিলেন। বুধবার বিকেলে অভিযান চালিয়ে সিরাজগঞ্জের নিজ গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শামীম স্ত্রীকে পারিবারিক কলহের জেরে তিন দিন আগে বটি দিয়ে হত্যা করে লেপ-তোষকে মুড়িয়ে ঘর তালাবদ্ধ করে পালিয়ে যাওয়ার কথা স্বীকার করেছেন।