ট্রাম্পের সিদ্ধান্তের দোলাচল: ইরানে সামরিক হামলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত অনিশ্চিত

ট্রাম্পের সিদ্ধান্তের দোলাচল: ইরানে সামরিক হামলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত অনিশ্চিত

গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনাগুলোর ওপর ইসরায়েলের বোমা হামলায় যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীকে অংশগ্রহণ করাবেন কিনা—সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। তবে হামলার প্রস্তুতি হিসেবে যুক্তরাষ্ট্র এরইমধ্যে মধ্যপ্রাচ্যে ব্যাপক সামরিক সরঞ্জাম ও বাহিনী মোতায়েন করেছে।

হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, “আমি হয়তো যুদ্ধ শুরুর এক সেকেন্ড আগেও সিদ্ধান্ত নিতে পারি… কারণ যুদ্ধ মানেই পরিস্থিতি প্রতিনিয়ত বদলায়।” তিনি আরও বলেন, সামনে কয়েকদিন “খুবই গুরুত্বপূর্ণ” হতে চলেছে।

টানা দ্বিতীয় দিনের মতো হোয়াইট হাউসের নিরাপত্তা ঘরে (সিচুয়েশন রুম) প্রেসিডেন্ট ট্রাম্প শীর্ষ সামরিক ও পররাষ্ট্র নীতিনির্ধারকদের সঙ্গে বৈঠক করেন। এসময় ইসরায়েল ইরানের ওপর তাদের হামলা জোরদার করে।

এই প্রেক্ষাপটে প্রেসিডেন্ট ট্রাম্প এক অভূতপূর্ব পদক্ষেপের কথা বিবেচনা করছেন—ইরানের শীর্ষ নেতাদের হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়ে সরাসরি আলোচনায় বসা। ট্রাম্প বলেন, “তারা দেখা করতে চায়। একটু দেরি হয়ে গেছে, তবে তারা আসতে চায়। দেখা যাক, আমি হয়তো সেটা করতে পারি।”

এদিকে মার্কিন সামরিক প্রকাশনা The Aviationist জানায়, ফার্স্ট লাইন ফাইটার জেট F-16, F-22, F-35 এবং সি-১৭ কার্গো বিমানের বড় বহর এখন মধ্যপ্রাচ্যে পৌঁছেছে। এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (CENTCOM) এলাকায় প্রস্তুতি জোরদার করা হচ্ছে।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় মার্কিন স্টেট ডিপার্টমেন্ট ইসরায়েলে নিযুক্ত মার্কিন দূতাবাস থেকে অনাবশ্যক কূটনীতিক ও তাদের পরিবারদের সরিয়ে নেওয়া শুরু করেছে।