যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় কিছুটা শীতলতা, কূটনীতির জানালা খুলছে

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় কিছুটা শীতলতা, কূটনীতির জানালা খুলছে

গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য ইরান হামলার বিষয়ে উত্তেজনার পারদ কিছুটা কমেছে। পাশাপাশি কূটনৈতিক আলোচনার সম্ভাবনার দরজাও আংশিকভাবে খুলেছে বলে মনে করছেন বিশ্লেষকরা

হোয়াইট হাউজে বৃহস্পতিবার এক ব্রিফিংয়ে প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট সাংবাদিকদের জানান, “প্রেসিডেন্টের পক্ষ থেকে আমার কাছে একটি বার্তা আছে। তিনি বলেছেন, ‘ইরানের সঙ্গে আলোচনার একটি উল্লেখযোগ্য সম্ভাবনা রয়েছে। সেই আলোচনার ভিত্তিতে আমি আগামী দুই সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেব—হামলা করব কি করব না।’”

এর আগে অনেকেই ধারণা করেছিলেন, এক-দুই দিনের মধ্যেই প্রেসিডেন্ট ট্রাম্প চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেবেন। তবে হোয়াইট হাউজের এই ঘোষণায় কূটনৈতিক সমাধানের জন্য একটি সময়সীমা তৈরি হলো।

এদিকে ইউরোপীয় পররাষ্ট্রমন্ত্রীরা শুক্রবার সুইজারল্যান্ডে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসবেন। প্রেস সেক্রেটারি আরও জানান, আমেরিকান ও ইরানি আলোচকদের মধ্যে যোগাযোগ অব্যাহত রয়েছে।

বিশ্লেষকদের মতে, এই অস্থায়ী বিরতিতে অনেকে কিছুটা স্বস্তির নিশ্বাস ফেললেও, অনেকেই পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন ‘অপেক্ষা ও পর্যবেক্ষণ’ মনোভাব নিয়ে। কারণ, অতীতে দেখা গেছে—ডোনাল্ড ট্রাম্প কখনো কখনো হঠাৎ করেই তার অবস্থান বদলে ফেলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি শব্দের মাধ্যমে।

মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে দোলাচলে থাকা আন্তর্জাতিক অঙ্গনে হোয়াইট হাউজের এই বার্তা সাময়িকভাবে হলেও কূটনৈতিক উদ্যোগকে উৎসাহিত করছে বলে মত কূটনৈতিক মহলের।