শ্রীপুরে ১৬০ বোতল বিদেশি মদসহ দুই যুবক গ্রেপ্তার

শ্রীপুরে ১৬০ বোতল বিদেশি মদসহ দুই যুবক গ্রেপ্তার

বিশেষ প্রতিনিধি : শ্রীপুর থেকে ১৬০ বোতল ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি কভার্ডভ্যানও জব্দ করা হয়েছে।

শনিবার (২১ জুন) বিকেলে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান জেলা গোয়েন্দা শাখার অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল ইসলাম।

গ্রেপ্তারকৃতরা হলেন—কভার্ডভ্যানের চালক সিরাজগঞ্জের চৌহালি থানার বোয়ালকান্দি গ্রামের ইমরান হোসেন (২৪) এবং হেলপার নেত্রকোনা সদর উপজেলার রৌহা জামতলা বাজার এলাকার আরিফ হোসেন বাপ্পী বাবু (২৪)।

অতিরিক্ত পুলিশ সুপার জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বেলা সাড়ে ১১টার দিকে শ্রীপুর উপজেলার জৈনা বাজার ফুটওভার ব্রিজের নিচে ময়মনসিংহ-ঢাকা মহাসড়কে অভিযান চালানো হয়। এ সময় ঢাকাগামী একটি মাহিন্দ্রা বলেরো কভার্ডভ্যান তল্লাশি করে চারটি প্লাস্টিকের বস্তায় রাখা ১৬০ বোতল ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মদ উদ্ধার করা হয়। একইসঙ্গে ওই দুই যুবককে গ্রেপ্তার এবং মাদক পরিবহনে ব্যবহৃত কভার্ডভ্যানটি জব্দ করা হয়।

তিনি আরও জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্যের মোট পরিমাণ ৬৬ লিটার, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ লাখ ২৮ হাজার টাকা। এ ঘটনায় শ্রীপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।