টঙ্গীতে ডোবার পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

টঙ্গীতে ডোবার পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

গাজীপুর কণ্ঠ ডেস্ক : টঙ্গীতে ডোবায় পড়ে যাওয়া ফুটবল তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ সময় তাদের উদ্ধার করতে গিয়ে আহত হয়েছে আরও এক কিশোর।

শনিবার (২৮ জুন) দুপুরে টঙ্গীর এরশাদনগর গোদারাঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলো—এরশাদনগর এলাকার মফিজ মিয়ার ছেলে আবু রায়হান (১২) ও তোফায়েল আহমেদের ছেলে ওসমান গনি (১১)। তবে আহত কিশোরের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে কয়েকজন শিশু ও কিশোর একসঙ্গে ফুটবল খেলছিল। একপর্যায়ে বলটি পাশের ডোবায় পড়ে যায়। পরে রায়হান ও ওসমান ফুটবল তুলতে পানিতে নামে। হঠাৎ তারা ডোবার পানিতে তলিয়ে গেলে এক কিশোর তাদের উদ্ধার করতে গিয়ে নিজেও পানিতে তলিয়ে যায়।

তাদের চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে তিনজনকেই উদ্ধার করে। তবে ঘটনাস্থলেই রায়হান ও ওসমান মারা যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল ইসলাম বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।